এক নির্বাচন কর্মকর্তা দিয়ে চলছে দুই উপজেলা
বগুড়ায় একজন নির্বাচন কর্মকর্তাকে দিয়ে চলছে জেলার শাজাহানপুর ও শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয়। এই দুই উপজেলাই জেলার পৃথক দুটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ গত বছরের ২৬ আগস্ট শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম অন্যত্র বদলির পর শেরপুরে নতুন কোনো কর্মকর্তাকে বদলি করা হয়নি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে জেলার শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানকে।
শেরপুর ও ধুনট রয়েছে বগুড়া-৫ এবং শাজাহানপুর ও গাবতলী উপজেলা বগুড়া-৭ আসনের অন্তর্ভুক্ত। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই দুটি নির্বাচনী এলাকায় রয়েছেন একাধিক প্রার্থী।
শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত স্টেনোটাইপিস্ট এ কে এম সরোয়ার মোর্শেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর উপজেলায় দুই লাখ ২৭ হাজার ৩৯২ জন ভোটারের বিপরীতে মোট কেন্দ্র রয়েছে ৮৮টি। নবম জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় কেন্দ্র ছিল ৭৬টি। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশমতে শেরপুর উপজেলা কার্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। তিনি স্বীকার করেন, বর্তমানে হরতাল-অবরোধের কারণে কর্মকর্তার আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে আনিসুর রহমান বলেন, দুই উপজেলায় কাজ করতে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বলেন, জেলায় নির্বাচন কর্মকর্তা কম রয়েছেন। এ কারণেই অন্য উপজেলার নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। শেরপুরের অন্য দপ্তরের এক কর্মকর্তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হবে।