এক নেপালি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের এক নেপালি শিক্ষার্থী গত বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম রুদ্র প্রতাপ। তিনি চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
রুদ্র প্রতাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ আন্তর্জাতিক হলের ৪১১ নম্বর কক্ষে থাকতেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান দাবি করেন, নেশাজাতীয় দ্রব্য অতিরিক্ত সেবনে ওই শিক্ষার্থী মারা গেছেন। তিনি আগে থেকেই নেশাগ্রস্ত ছিলেন। এ কারণে তাঁকে হলে রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তাঁকে আগের ১০৪ নম্বর কক্ষ থেকে সরিয়ে চতুর্থ তলায় ৪১১ নম্বর কক্ষে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই নেপালে রুদ্রের পরিবারকে জানানো হয়েছে। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নেপালের দূতাবাস ও পরিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে।