এক নৌকাই ২০ গ্রামের মানুষের ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেয়া পারাপারের জন্য যে নৌকাটি দিন-রাত ২৪ ঘণ্টা নদীতে থাকে সেই নৌকার মাঝিকে গ্রামের মানুষ চাঁদা তুলে নিয়মিত পারিশ্রমিক দিতে না পারায় মাঝিও মাসের বেশির ভাগ দিন আসেন না। উপায়ন্তর না পেয়ে গ্রামবাসী নদীর দুই পাড়ে শক্ত বাঁশের খুঁটি গেড়ে সেই খুঁটি বরাবর নদীর ওপর দিয়ে টানিয়ে দিয়েছেন মোটা একটি দড়ি। নানা বয়সী যাত্রীরা ঝুঁকি নিয়ে ওই দড়ি টেনে টেনে নৌকা চালিয়ে পার হচ্ছে নদী।
গত বুধবার (১ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বুরুঙ্গা নদীর খেয়াঘাটে গিয়ে এ রকম দৃশ্য দেখা গেল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন যুগের বেশি সময় ধরে বুরুঙ্গা নদীর ওই খেয়াঘাট দিয়ে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ও সহনাটি ইউয়নের প্রায় ২০টি গ্রামের মানুষের চলাচল। দিনে দিনে চলাচলাকারীর সংখ্যা বাড়ায় বেশ কয়েক বছর ধরে ওই দুই ইউনিয়নের মানুষ জনপ্রতিনিধিদের কাছে একটি সেতু নির্মাণ করার দাবি জানিয়ে আসছে। বিভিন্ন সময় নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বুরুঙ্গা নদীতে সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন বলে জানায় গ্রামবাসী।
উপজেলার অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে বুরুঙ্গা নদী। গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই ইউনিয়নের গোপীনাথপুর, খালিজুরী, খয়রা, ছিলিমপুর, চৈয়ারকান্দা, ঘাগলা, নাজিরপুর, দৌলতপুর, কামারজানী, ভালুকাপুর, বয়রাতলা, মাসকান্দা, বাজরাকান্দা, উল্লাকান্দা, বারিয়াকান্দাসহ ২০ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে চলাচল করে। নদীর দক্ষিণ পাড়ের ভালুকাপুর গ্রামে রয়েছে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর উচ্চবিদ্যালয়। একই গ্রামের নদীর উত্তর পাড়ে কোনো বিদ্যালয় না থাকায় শতাধিক শিশু ঝুঁকি নিয়ে নদী পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির বলেন, বুরুঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, বুরুঙ্গা নদীর গোপীনাথপুর-ভালুকাপুর গুদারাঘাট এলাকায় ১০০ মিটার দৈর্ঘে৵র একটি সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।