এক নৌকার কয় মাঝি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে টানাটানিতে লিপ্ত রয়েছেন কক্সবাজার-৩ ( সদর-রামু) আসনে দলের দুই প্রার্থী। তাঁরা হলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক আর সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইমুম সরওয়ার কমল।
কানিজ ফাতেমা নৌকা প্রতীকসংবলিত নিজের পোস্টার ছেপে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যজন প্রথমে সড়কের পাশে কলাগাছ রোপণ আর এখন নৌকা নিয়ে মাঠে নেমেছেন। এ নিয়ে বিভ্রান্ত হচ্ছেন ভোটারেরা।
শহরের কলাতলী বাজারের সবজি বিক্রেতা সালাহ উদ্দিন বলেন, ‘এক নৌকার তো দুই মাঝি হতে পারে না। গত দুটি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলাম। এবারও নৌকায় ভোট দিতে চাই। কিন্তু নৌকার আসল মাঝি কে খুঁজে পাচ্ছি না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন বলেন, গত ২৮ নভেম্বর সংসদীয় কমিটি এই আসনে দলের প্রার্থী হিসেবে কানিজ ফাতেমার নাম ঘোষণা করেন। এরপর শেখ হাসিনার সই করা মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। ২ ডিসেম্বর তিনি দলের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এখন গতবারের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ারকেও দলের মনোনয়ন দেওয়া হয়েছে। এখন কে দলের প্রার্থী জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সাইমুম সরওয়ার বলেন, ‘এখন আমাকেই দলের প্রার্থী করা হয়েছে। গত বুধবার বিকেলে শেখ হাসিনার সই করা সেই মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি।’
কানিজ ফাতেমা বলেন, ‘শেখ হাসিনা ও সংসদীয় বোর্ড আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এখন একটি কুচক্রী মহল নানা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন।’
দুই প্রার্থীর মধ্যে বাহাস গতকাল দুপুরে মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কানিজ ফাতেমা আর কমলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
বিকেল পাঁচটায় রিটার্নিং কর্মকর্তা কমলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। আর বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং জনতা ব্যাংকের একজন ঋণখেলাপির জিম্মদার হওয়ার কারণে কানিজ ফাতেমার মনোনয়ন শুনানির জন্য স্থগিত করেন। এ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই প্রার্থী জেলা প্রশাসকের কক্ষ থেকে বেরিয়ে বাহাসে জড়িয়ে পড়েন।
কানিজ ফাতেমা কমলকে উদ্দেশ্য করে চট্টগ্রামের আঞ্চলিত ভাষায় বলেন, ‘তুই বাপ-মার সঠিক রক্ত নঅপ। তুই একটা মিথ্যুক। ঈদগাহ চৌফলদন্ডির ভোট তুই কি গরি পাউ আঁই চাইয়ুম।’
উত্তরে কমল বলেন, ‘ফাল্টু হথা নকইয়ন। অনরে বউত সমঞ্চান গইরতাম। আঁই চাইলে অনে এক সেকেন্ড কক্সবাজার থাকিক নপারিবান।’
এরপর কানিজ ফাতেমা ‘চুপ বেয়াদপ’ বলে চলে যান। এ সময় উপস্থিত আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকেরা অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাগিয়ে বলেন, এই যদি হয় নেতাদের অবস্থা। এরপর সাইমুম সরওয়ার সাংবাদিকদের জড়ো করে অভিযোগ করেন, ঋণখেলাপির কারণে কানিজ ফাতেমার মনোনয়ন বাতিল হওয়ার কথা। কিন্তু জেলা প্রশাসক কালক্ষেপণ করে তাঁর মনোনয়ন বৈধ করার চক্রান্ত চালাচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কমল ও কানিজ শেখ হাসিনার সই করা দুটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একটি বৈধ এবং অপরটি স্থগিত করে শুনানির জন্য কাল (শুক্রবার) সকালে সময় নির্ধারণ করা হয়েছে। দুটি মনোনয়ন বৈধ হলে আওয়ামী লীগ প্রধানের (শেখ হাসিনা) নির্দেশনা মতে যেকোনো একজনকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে।