আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নির্বাচনের আর তিন দিন বাকি। এ সময় এসে একটি পক্ষ আর নির্বাচন চাইছে না। পক্ষটি চায়, আওয়ামী লীগের সভানেত্রী একটি কমিটি ঠিক করে দেবেন।
প্রায় এক যুগ পর ১৩ নভেম্বর স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সভাপতি পদে কমপক্ষে পাঁচজন প্রার্থীর নাম শোনা গেলেও বিশেষ আলোচনায় আছেন স্বাচিপের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং স্বাচিপের বর্তমান মহাসচিব এম ইকবাল আর্সলান। তবে পদ-পদবি বিবেচনায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর তিন প্রার্থীও চিকিৎসকদের কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও বর্তমান উপাচার্য কামরুল হাসান খান।
নির্বাচনের মাঠে জোরেশোরে নেমে পড়েছেন মোস্তফা জালাল ও ইকবাল আর্সলান। গত রোববার মোস্তফা জালাল মহিউদ্দিন শেরেবাংলা নগরে অবস্থিত কয়েকটি হাসপাতালে জনসংযোগ করেন। তাঁর কয়েকজন কর্মী বলেন, ২০০৫ সালে স্বাচিপের সদস্য ছিলেন ২ হাজার ৬০০। এই সংখ্যা এখন ১৩ হাজারের ওপর। গাণিতিক হারে বাড়লে এত সদস্য হওয়ার কথা নয়। ইকবাল আর্সলান বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠনে ঢুকিয়েছেন বলে তাঁদের অভিযোগ।
মোস্তফা জালালের পক্ষে সরব প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী। তিনি নিয়মিত সামাজিক যোগযোগমাধ্যমে মোস্তফা জালালের পক্ষে পোস্ট দিচ্ছেন।
এদিকে ইকবাল আর্সলানের অনুসারী পক্ষটি নির্বাচন চায়। ইকবাল আর্সলান রোববার প্রথম আলোকে বলেন, সংগঠনের প্রতিনিধিরা যদি নির্বাচিত হন, তা হলে চিকিৎসকদের কাছে তাঁদের একটা দায়বদ্ধতা থাকবে। ভোটার তালিকায় বিএনপি-জামায়াতের কর্মী থাকা প্রসঙ্গে তিনি বলেন, আগে প্রতিবছর মেডিকেল কলেজগুলো থেকে দেড় থেকে দুই হাজার চিকিৎসক এমবিবিএস পাস করতেন। এখন বের হচ্ছেন সাত হাজারের মতো চিকিৎসক।
নির্বাচনের বদলে নেতৃত্ব নির্ধারণ করে দেওয়া প্রসঙ্গে মোস্তফা জালাল বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির কয়েকজন বাদে সবাই বলছেন ভোটার তালিকা ত্রুটিপূর্ণ।