এক পক্ষের আন্দোলন স্থগিত, উপাচার্য এখনো অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পর আজ শুক্রবার বেলা দুইটায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে সাধারণ শিক্ষকেরা তাঁদের আমরণ অনশন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত করে নিয়েছেন। তবে প্রগতিশীল শিক্ষক সমাজ তাদের অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট স্থগিত না করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী আজ চতুর্থ দিনের মতো অবরুদ্ধ অবস্থায় আছেন।

তবে সোমবারের মধ্যে বেতন-ভাতা না দিলে সাধারণ শিক্ষকেরা আবারও আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

গত মঙ্গলবার বেলা ১১টায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ চতুর্থ দিনের মতো শিক্ষকেরা তাঁদের কর্মসূচি পালনে অনড় ছিলেন। ৯২ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। দুপুরে উপাচার্যের পক্ষ থেকে আগামী সোমবার শিক্ষকদের বকেয়া বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়। পরে সাধারণ শিক্ষক পক্ষ বেলা দুইটার দিকে তাঁদের কর্মসূচি স্থগিত করে নেন।

এদিকে বেতন-ভাতা প্রদানসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আমরণ অনশনরত আন্দোলনকারী সাধারণ শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে সোমবারের মধ্যে বেতন-ভাতা না দিলে আবারও আন্দোলন শুরু করা হবে।

এদিকে প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃত্বদানকারী প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন ফরিদ-উল-ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আন্দোলন স্থগিত  করিনি। আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে পদ সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮ জনে। এদিকে ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। কিন্তু ওই টাকা দিয়ে ৬১৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা জমা নেই বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।

উপাচার্য এ কে এম নূর-উন-নবী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, কাল সিন্ডিকেটের সভা ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হয়েছে। আগামী সোমবার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাসও দেওয়া হয়েছে। তার পরও এক পক্ষ এখনো তাদের কর্মসূচি স্থগিত করেনি।