
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জেতার সামর্থ্য আছে বলেই আ জ ম নাছির উদ্দিন দলের সমর্থন পেয়েছেন। এমন দাবি তাঁর সমর্থকদের। অপর দিকে, দলীয় সমর্থন না পাওয়ায় হতাশ মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। তবে বিতর্কের ঊর্ধ্বেই থাকতে চাইলেন মহিউদ্দিন। দলীয় প্রার্থী নাছিরের পক্ষেই কাজ করবেন বলে জানালেন তিনি।
চট্টগ্রাম আওয়ামী লীগে গৃহবিবাদ পুরোনো বিষয়। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বিরোধ বহুদিন ধরে চলছে। দুই নেতার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব–সংঘাতের ঘটনা ঘটেছে একাধিকবার। সে কারণে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষিত হওয়ায় দুই শিবিরে দুই রকম প্রতিক্রিয়া দেখা গেছে। নাছির উদ্দিনের অনুসারীরা উল্লসিত হলেও হতাশ মহিউদ্দিনের অনুসারীরা।
গত শুক্রবার গণভবনের বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে মেয়র পদে দলের সমর্থন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত দেন বলে জানান বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা।
তিনবারের নির্বাচিত মেয়র মহিউদ্দিনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে দল তাঁকেই সমর্থন দেবে এমন ভাবনা ছিল তাঁর সমর্থকদের মধ্যে। দলের বিবেচনায় তিনি না আসায় হতাশ তাঁরা। তবে মহিউদ্দিন দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।
গতকাল শনিবার চশমা হিলের বাসভবনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই আমি মানব। দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজও শুরু করেছি। আমার কাছে দলই বড়। কারণ, আমি বঙ্গবন্ধুর সৈনিক।’

গত বছর আওয়ামী লীগের রাজনীতিতে বড় পদ নিয়ে প্রবেশ করা আ জ ম নাছির উদ্দিন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ অংশের কাছে জনপ্রিয় বলে দাবি তাঁর অনুসারীদের। তরুণদের ওপর এই প্রভাব তাঁকে জয়ী হতে সাহায্য করবে বলেও তাঁরা মনে করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, তরুণ প্রজন্মের কাছে আ জ ম নাছির উদ্দিন জনপ্রিয়। বিএনপির প্রার্থীকে মোকাবিলা করার সামর্থ্য তাঁরই আছে। অন্য কেউ মেয়র প্রার্থী হলে জয় কঠিন হয়ে যাবে।
আ জ ম নাছিরের জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু, জানতে চাইলে ফয়সাল ইকবাল বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে থেকেও নির্বাচনে জিতেছে। আ জ ম নাছিরও ২১ বছর দলের পদ পাননি। এমন অনুপ্রেরণা আছে বলেই তিনি নির্বাচনে জিতবেন।
গণভবনের বৈঠকে অংশ নেওয়া একজন নেতা দলের প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর চাওয়া–পাওয়া কিছু নেই। তিনি জনগণের জন্য কাজ করতে চেয়েছেন। তাঁর জনপ্রিয়তা দল ও দলের বাইরের অনেকের ঈর্ষার কারণ। এ জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। শুক্রবারের বৈঠকে এমনটাই দেখা গেছে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী অবিসংবাদিত নেতা হিসেবে সারা দেশে পরিচিতি পেয়েছেন। চট্টগ্রামবাসীর হৃদয়ে তিনি ঠাঁই করে নিয়েছেন। তবে তাঁর এই জনপ্রিয়তা অনেকের ঈর্ষার কারণ ছিল। একটি চক্র দলের ভেতরে–বাইরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’
বেলাল আহমেদ আরও বলেন, ‘আসেল ব্যক্তিত্বের বলি হয়েছেন মহিউদ্দিন চৌধুরী। তার পরও নেত্রীর সিদ্ধান্ত মেনে আমরা প্রার্থীর পক্ষে কাজ করব।’
তবে এ নিয়ে মন্তব্য না করে দলের পক্ষে কাজ করার কথা বললেন অনেক নেতা। গণভবনের বৈঠকে উপস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। দলের সবাইকে এখন প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।’
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতা–কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রার্থী ঘোষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তবে তখন দলীয় প্রধান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মেনে প্রার্থীর পক্ষে কাজ করার পক্ষে বেশির ভাগ নেতা–কর্মী।