এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের ওপর অন্য পক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।আহত কর্মীরা হলেন ইংরেজি বিভাগের আশিক আজিজ, হিমেল চৌধুরী ও শোভন, দর্শন বিভাগের হোসনে মোবারক ও হেদায়েত উল ইসলাম। আহতদের মধ্যে শেষ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ছাত্রলীগের পদবঞ্চিত নেতা রেজাউর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘নতুন কমিটির এক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ২০-৩০ জন আমাদের ওপর দুই দফা হামলা চালায়। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রথম দফা হামলায় তিনজন এবং বেলা সাড়ে তিনটার দিকে নগরের ষোলশহর এলাকায় আরেক দফা হামলায় দুজন আহত হয়।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বলেন, হামলার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন। শত্রুতার জের ধরে শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।