এক পক্ষের বর্ধিত সভা অপর পক্ষের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলন সামনে রেখে পটুয়াখালী জেলা বিএনপির বর্ধিত সভা ঘিরে দলীয় কোন্দল নতুন করে চাঙা হয়ে উঠেছে। গত বুধবার অনুষ্ঠিত একাংশের বর্ধিত সভা প্রত্যাখ্যান করেছে অপর অংশ।জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার নেতৃত্বে বুধবার সকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় আলতাফ হোসেনের শেরেবাংলা সড়কের বাসায়। এতে উপস্থিত ছিলেন এম এ রব মিয়া, শাহাদৎ হোসেন মৃধা, শাহজাহান খান, মাকসুদ আহমেদ বায়েজিদ, শাহাবুদ্দিন নান্নু প্রমুখ। ১৯ মার্চের জাতীয় সমেঞ্চলন সফল করা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।একই দিন বিকেলে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জেলা বিএনপির ব্যর্থ সভাপতি সংগঠনের নিবেদিতপ্রাণ অধিকাংশ নেতা-কর্মীকে বাদ দিয়ে অনুগতদের নিয়ে একটি প্রহসনমূলক বর্ধিত সভা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ, মনিরুল ইসলাম, তৌফিক আলী খান প্রমুখ। পটুয়াখালী জেলা বিএনপিতে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচিগুলোও দুই পক্ষ পৃথকভাবে পালন করে থাকে।