কুষ্টিয়া জেলা বিএনপির এক পক্ষ গতকাল বৃহস্পতিবার সমন্বয় সভা করেছে। সভায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির পাঁচজন করে নেতা অংশ নেন, তবে অন্য পক্ষ সমন্বয় সভা করতে না পেরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।এদিকে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রাতে সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা করেছে।গতকাল সকাল ১০টার দিকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে রুমী-সোহরাব পক্ষের নেতা-কর্মীরা সমন্বয় সভা করেন। জেলা বিএনপির একাংশের সভাপতি মেহেদী রুমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুজ্জামান।কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে বিএনপির আলো-আনসার পক্ষের নেতা-কর্মীরা প্রতীকী অনশন করেন। ওই সভায় মিনহাজুর রহমান ওরফে আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম। আলো অভিযোগ করেন, নির্ধারিত অনুষ্ঠানের জন্য কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে থেকে তাঁরা পৌর বিজয় উল্লাস চত্বরে যাচ্ছিলেন। কিন্তু পথে পুলিশের বাধার মুখে সার্কিট হাউসের সামনে তাঁরা প্রতীকী অনশন পালন করেন।