এক পক্ষের হামলায় অপর পক্ষের চার নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য ঘোষিত বিএনপির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া পক্ষের নেতা-কর্মীদের হামলায় গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ান পক্ষের অন্তত চারজন নেতা-কর্মী আহত হয়েছেন। সমীরণ পক্ষের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।স্থানীয় বিএনপি সূত্র জানায়, সম্প্রতি খাগড়াছড়ি জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তবে সমীরণ পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের পদ দেওয়া হয়নি। এ অভিযোগ তুলে ধরতে গতকাল সকালে তাঁরা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকসংলগ্ন স্থানে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থকদের হামলার শিকার হন। এ সময় যুবদলের কেন্দ্রীয় সহ-উপজাতিবিষয়ক সম্পাদক বাতায়ন দেওয়ান, সদর উপজেলা যুবদলের নেতা চার্চিল চাকমাসহ অন্তত চারজন নেতা-কর্মীকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরে বেলা ১১টায় জেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভানেত্রী তন্দ্রা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নাসির আহম্মেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ব্যাবুচি চৌধুরী, নিজাম উদ্দিন, ফাতেমা খাতুন, শ্রাবণী চাকমা প্রমুখ।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়ও যাঁরা মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন সেসব ত্যাগী, সৎ ও যোগ্য নেতাদের কমিটিতে রাখা হয়নি। এ ছাড়া এ কমিটি বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করা হয়।