এক পদে চাকরি করছেন দুজন
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বারেগই) এক পদে চাকরি করছেন দুজন। নিয়োগ পরীক্ষায় যিনি প্রথম হন, তাঁকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। তদন্তে বিষয়টি ধরা পড়ে। ফলে ছয় মাস পর প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেওয়া হয়।এরপর চাকরিচ্যুত ব্যক্তি আদালতে রিট আবেদন করেন। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত আবেদনকারীকেই বহাল রাখার নির্দেশ দেন। এখন দুজনেই একই পদে চাকরি করছেন। দুজনেই ছয় মাস করে বেতন উত্তোলন করেছেন। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১ অক্টোবর মোট ২৯টি শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এর মধ্যে গ্রন্থাগারের পদ ছিল মাত্র একটি। এ পদের জন্য কোনো কোটাও ছিল না। নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাসহ কোনো গ্রন্থাগারে ক্যাটালগার বা গ্রন্থাগার সহকারী হিসেবে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। এই পদে ১৪ জন আবেদন করেন। ২০১১ সালের ২১ আগস্টে লিখিত পরীক্ষায় আটজন অংশ নিয়ে চারজন উত্তীর্ণ হন। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় মাসুদ ইকবাল প্রথম হন। কিন্তু তাঁকে বাদ দিয়ে রুকসানা আফরোজকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয়। তিনি যথারীতি কাজে যোগদান করেন। এই নিয়োগের বিরুদ্ধে প্রার্থী মাসুদ ইকবাল মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব উৎপল কুমার দাসের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি তদন্ত করে। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জানুয়ারি মাসুদ ইকবালকে ওই পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর মাসুদ ইকবালকে সে বছরের ১৬ ফেব্রুয়ারি নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর তিনি ছয় মাস যথারীতি বেতন-ভাতা পান। এরপর ১৪ মে রুকসানা আফরোজ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসুদ ইকবালের নিয়োগের ওপরে চার মাসের জন্য স্থগিতাদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে রুকসানা আফরোজ আবারও কাজে যোগ দেন। চার মাস পার হয়ে গেলে আদালত আরও ছয় মাসের জন্য মেয়াদ বাড়ান। আগামী ১৪ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে রুকসানা আফরোজ বলেন, এ বিষয়ে তিনি এখন আর কোনো কথা বলতে চান না। বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জামাল উদ্দিন শাহ বলেন, এক পদে দুইজন কর্মরত থাকলেও আদালতের নির্দেশে একজনকেই বেতন দিতে হচ্ছে। আগে যাই হোক, বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। তাঁরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।