এক পদে চাকরি করছেন দুজন
রংপুরের বদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে একই পদে দুজন চাকরি করছেন। প্রায় এক মাস ধরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একসঙ্গে দুজন চাকরি করায় জটিলতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. হাসানুজ্জামান চৌধুরী গত ২৭ ফেব্রুয়ারি এক আদেশে বদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ সুফিয়ানকে রংপুরের পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ে এবং পীরগঞ্জের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমানকে বদরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ে বদলি করা হয়। তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করেন। ১৬ মে উপপরিচালক ওই বদলির আদেশ বাতিল করে তাঁদের আগের কর্মস্থলে যোগ দিতে বলেন। অভিযোগ রয়েছে, বদরগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তারা ওই দুই কর্মচারীকে ছাড়পত্র না দেওয়ায় তাঁদের যোগদানে অনিশ্চয়তা দেখা দেয়। একপর্যায়ে ২২ মে উপপরিচালক আবারও এক আদেশে শাহ সুফিয়ান ও জিল্লুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে ২৭ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। শাহ সুফিয়ান জানান, ছাড়পত্র না দেওয়ায় এ অবস্থায় তিনি বাধ্য হয়ে বদরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ে গত ২৮ মে যোগদান করেন। কিন্তু বদরগঞ্জে জিল্লুর রহমানকে ছাড়পত্র না দেওয়ায় তিনি পীরগঞ্জে যোগদান করতে পারছেন না। এ কারণে উভয়ে একই পদে একই কার্যালয়ে চাকরি করছেন।বদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কিছুটা সমস্যা থাকায় জিল্লুর রহমানকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। পীরগঞ্জের মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার কাছে ছাড়পত্র নিতে শাহ সুফিয়ান আসেনি।’ মৎস্য অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক হাসানুজ্জামান চৌধুরীর মুঠোফোনে গতকাল যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর কার্যালয়ে ফোন করা হলে বিভাগীয় সহকারী পরিচালক অনিল কুমার সাহা ফোন ধরে বলেন, ‘স্যার ছুটিতে আছেন। ওই দুই কর্মচারী বদলির বিষয়ে আমি কিছু জানি না।’