এক পদে দুজনকে বদলি, চাল সংগ্রহ বন্ধ
খাদ্য অধিদপ্তর থেকে পাবনার ঈশ্বরদী সরকারি খাদ্যগুদামের একটি পদে দুজনকে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) হিসেবে বদলি করা হয়। এ নিয়ে জটিলতার কারণে উপজেলায় চলতি মৌসুমে আমনের চাল সংগ্রহ ১০ দিন ধরে বন্ধ রয়েছে।
এ কারণে ২৬১ জন চুক্তিবদ্ধ চালকল মালিক খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারছেন না। তাঁদের আগে সরবরাহ করা চালের দামও পরিশোধ করা হচ্ছে না। ফলে তাঁরা ব্যবসায় লোকসান ও সরকারের আপত্কালীন খাদ্য সংগ্রহ কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও এসএমও কার্যালয় সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের জনপ্রশাসন বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর শেরপুর জেলা সদরের এসএমও আসাদুজ্জামান খানকে ঈশ্বরদীতে বদলির আদেশ দেওয়া হয়। তিনি ৪ জানুয়ারি ঈশ্বরদী খাদ্যগুদামে যোগ দেন। অন্যদিকে গত ২৯ ডিসেম্বর দেশের ১৬৫ জন খাদ্য পরিদর্শককে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি দেয় খাদ্য অধিদপ্তর। এর অধীনে লালমনিরহাট সদর উপজেলায় খাদ্যনিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পাওয়া রইচ উদ্দিনকে ঈশ্বরদীর এসএমও হিসেবে যোগ দেওয়ার জন্য আরেকটি নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী তিনিও যোগদান করেন। এখন ওই দুজনই নিজেদের ঈশ্বরদীর এসএমও হিসেবে দাবি করছেন। ফলে ৯ জানুয়ারি থেকে চাল সংগ্রহ ও বিল পরিশোধ করা হচ্ছে না।
রইচ উদ্দিন বলেন, তিনি ২ জানুয়ারি ঈশ্বরদী খাদ্যগুদামে যোগ দেওয়ার পর রাতেই এ আদেশ বাতিল করে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বদলি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ৯ জানুয়ারি উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে তাঁর ২ জানুয়ারি হাকিমপুরের বদলি আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
অপরদিকে আসাদুজ্জামান খান বলেন, তিনি ৯ জানুয়ারি ঈশ্বরদী খাদ্যগুদামের দায়িত্ব বুঝে নেন। তিনি রইচ উদ্দিনের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন। মামলার কারণে জেলা খাদ্যনিয়ন্ত্রকের মৌখিক নির্দেশে বর্তমানে চাল সংগ্রহ ও বিল পরিশোধ করা যাচ্ছে না।
চুক্তিবদ্ধ কয়েকজন চালকল মালিক বলেন, ১০ দিন ধরে গুদামে চাল সরবরাহ বন্ধ রয়েছে। গুদামে এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ প্রতিদিন ধানের দাম বাড়ছে। এ কারণে চালের দামও বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে তাঁদের ব্যাপক লোকসান দিয়ে গুদামে চাল সরবরাহ করতে হবে। চালকল মালিক জুলমত হায়দার বলেন, ‘মোটা চাল বর্তমানে ৩২ টাকায়ও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের ৩৩ টাকা কেজি দরে চাল সরবরাহ করতে হবে।’
উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুল হক মালিথা বলেন, চাল সরবরাহ বন্ধ থাকায় গত মঙ্গলবার চালকলের মালিকেরা জেলা খাদ্যনিয়ন্ত্রকের সঙ্গে দেখা করে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
পাবনা জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদের বলেন, একই পদে দুজনের পদায়ন হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। দুজনই আদালতে পাল্টাপাল্টি রিট আবেদন করেছেন। ফলে আদালতের নির্দেশনা অনুযায়ী এ সমস্যার সমাধান হবে।