এক পদে দুজনের জন্য সাংসদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এক পদে দুই শিক্ষা কর্মকর্তাকে রাখার জন্য স্থানীয় সাংসদ দুটি অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন ওই দুই শিক্ষা কর্মকর্তা। একজন এসে কাজে যোগ দিয়েছেন। অন্যজন বদলি ফেরাতে তদবির করছেন।শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ১৮ নভেম্বর ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হককে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এবং কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আজমকে একই দিনে ফুলপুরে বদলির নির্দেশ দেয়। আদেশ পেয়ে গোলাম আজম ২২ নভেম্বর তাঁর নতুন কর্মস্থল ফুলপুর উপজেলায় যোগদান করেন।অপরদিকে ফজলুল হক তাঁর নতুন কর্মস্থল কুলিয়ারচর উপজেলায় যোগদান না করে বদলি ঠেকাতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত ২০ অক্টোবর ময়মনসিংহ-২ আসনের (ফুলপুর) সাংসদ হায়াতোর রহমান খান স্বাক্ষরিত ডিও লেটারে দেখা যায়, ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হককে অন্যত্র বদলি করে তাঁর স্থলে কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আজমকে বদলি করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিশেষ সুপারিশ করা হয়েছে। এ অবস্থায় গত ২২ নভেম্বর গোলাম আজম ফুলপুরে যোগদান করেন। তিনি যোগদানের এক দিন পরই ফজলুল হককে তাঁর আগের কর্মস্থলে অর্থাৎ ফুলপুরেই বহাল রাখতে আরেকটি ডিও লেটার দেন সাংসদ।গোলাম আজমকে ফুলপুরে বদলির জন্য ডিও লেটার দেওয়ার কথা অস্বীকার করে সাংসদ হায়াতোর রহমান খান জানান, তিনি আগের কর্মকর্তা ফজলুল হকের জন্য ডিও লেটার দিয়েছেন। একজন নতুন কর্মকর্তা যোগদানের পর সেই পদে এক দিন পরই অন্য কর্মকর্তাকে কীভাবে ডিও লেটার দিলেন এ প্রসঙ্গে সাংসদ বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করেই ডিও লেটার দিয়েছি।’এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘নতুন কর্মস্থলে যোগদান না করে আগের কর্মস্থলেই থাকার জন্য সাংসদের ডিও লেটার নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করছি।’ অপর কর্মকর্তা গোলাম আজম বলেন, ‘তাঁকে ফুলপুরে আনার জন্য সাংসদ তাঁর আবেদনে জোর সুপারিশ করেছেন। এমনকি ডিও লেটার দিয়েছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া বদলির আদেশ পেয়েই আমি ফুলপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ প্রথম আলোকে বলেন, বদলিজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে ওই দুই কর্মকর্তাকে জেলা কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু গোলাম আজম এলেও ফজলুল হক আসেননি।