এক পদে বিএনপির ছয় নেতা, অঙ্গীকারনামায় সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত একক প্রার্থী ঠিক করতে গত এক মাসে সাতটি বৈঠক করা হয়েছে। কিন্তু ছয় প্রার্থীর কেউ কাউকে ছাড় দেননি। ওই প্রার্থীরা গত শুক্রবার দলের কেন্দ্রীয় নেতাদের কাছে একটি কাগজে স্বাক্ষর করে অঙ্গীকার করেছেন, কেন্দ্রীয় কমিটি যাঁকেই সমর্থন দেবে তাঁর পক্ষেই কাজ করবেন। কিন্তু গতকাল বুধবারও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

শুক্রবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ঢাকার আসাদ গেটের বাসভবনে বিশেষ সভায় ছয় প্রার্থী ওই অঙ্গীকার করেন। ওই ছয় প্রার্থী হলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জার্জিস হোসেন, ঈশ্বরদী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া, ছলিমপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবীব ও সাহাপুর ইউপির চেয়ারম্যান জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নেফাউর রহমান। কিন্তু প্রার্থীদের মধ্যে দলীয় কোন্দল থাকায় এক মাস ধরে ঈশ্বরদী ও পাবনায় সাতটি বৈঠক করেও একক প্রার্থী ঠিক করা যায়নি। এ অবস্থায় ওই ছয় চেয়ারম্যান প্রার্থীকে ঢাকায় ডেকে পাঠান কেন্দ্রীয় নেতারা। শুক্রবারের বৈঠকে ইকবাল হাসান মাহমুদ ছাড়াও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাঁরা প্রার্থীদের কাছ থেকে তাঁদের নানা অভিযোগ শোনেন।

একপর্যায়ে প্রার্থীরা জানান, স্থানীয়ভাবে নয়, দলের কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা দিলে তাঁরা দলের জন্য এক হয়ে কাজ করবেন। প্রার্থী আক্তারুজ্জামান জানান, তাঁদের কথা শোনার পর কেন্দ্রীয় নেতারা তাঁদের কাছে একটি কাগজ দেন। এতে লেখা ছিল, দল যাঁকে সমর্থন দেবে তাঁরা তাঁর জন্য কাজ করবেন। অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার পর কেন্দ্রীয় নেতারা তাঁদের অপেক্ষা করতে বলেছেন।

আরেক প্রার্থী আতিয়ার রহমান জানান, কেন্দ্র থেকে সিদ্ধান্ত পেলে তিনি প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। ইকবাল হাসান মাহমুদ গত সোমবার প্রথম আলোকে জানান, ঈশ্বরদীর চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করতে বিএনপির কেন্দ্রীয় সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি করা হয়েছে। এই কমিটি চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করবে।

হাবিবুর রহমান জানান, প্রার্থী ঘোষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় ঘোষণা করা হবে। ঈশ্বরদী উপজেলায় ২৩ মার্চ ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ ৬ মার্চ।