এক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় গ্রামের একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফরোজা সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাচঁকুড় গ্রামে তাঁদের বাড়ি। তাঁদের বাড়ির ৭ শতক জমি উঠান। উঠানের পুরো জমি একই গ্রামের ইউনুস ও এমরান আলী, নুরুজ্জামান ও আবদুল হামিদের নেতৃত্বে দখলের চেষ্টা চলছে। জমিটি দখলের জন্য ৯ জুন ২০-২৫ জনের সন্ত্রাসী দল তাঁদের ওপর হামলা চালায়। বাধা দিলে হামলাকারীরা তাঁদের (ওই পরিবারের সদস্য) লাঠি, হকিস্টিকসহ অন্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তাঁর পরিবারের সদস্য মো. আবেদ আলী, মজিবর রহমান, শারমিন আক্তার, রিতা, রওজা খাতুন, মশিউর রহমান, আফতাব আলীসহ অন্যান্য ব্যক্তিরা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে আবেদ, মজিবর, শারমিন ও রিতাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় ১২ জুন আফরোজা বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন।
আফরোজা অভিযোগ করে বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় তাঁরা (আসামি) আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা ও মেয়েদের ধর্ষণ এবং আগুন দিয়ে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁরা বাড়িতে অবৈধ ভারতীয় মালামাল রেখে বিজিবিকে দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামানের কাছে মামলার অগ্রগতি ও আসামিদের হুমকি-ধামকি প্রদানের বিষয়টি জানালে তিনি আমাদের গালাগাল করে তাড়িয়ে দেন। এ অবস্থায় বড় ধরনের অঘটন ঘটলে এর জন্য পুলিশ দায়ী থাকবে।’
সংবাদ সম্মেলনে পাঁচকুড় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল হুদা, মো. আখতার আলী সরকার, মশিউর রহমান, আক্কাস আলী, আনসারুল ইসলাম, শারমিন আক্তার, রওজাতুননেছা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি মো. খালেকুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন নালিশি জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার মারামারি ও মামলা হয়েছে। পুলিশ একাধিকবার মীমাংসার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আদালত থেকে জমির মালিকানা বিষয়ে চূড়ান্ত ফয়সালা না দেওয়া পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়।