এক পরিবারকে হয়রানির অভিযোগ
সম্পত্তি নিয়ে সহোদর ও চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্বের কারণে মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের একটি পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, উল্টো তাঁরাই হয়রানির শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চাকুলিয়া গ্রামের মাতবর আবদুর রউফ মোল্লা (৬০)। তাঁরা দুই ভাই ও পাঁচ বোন। বড় ভাই আবদুস শুকুর মোল্লা (৬৫) পুলিশের উপপরিদর্শক হিসেবে চাকরি থেকে অবসর নেন। রউফ মোল্লার চাচাতো ভাইয়েরাও পাশাপাশি বাড়িতে বাস করেন। বাবা ও চাচারা মারা যাওয়ার পর সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে আপন ও চাচাতো ভাইদের সঙ্গে রউফ মোল্লার দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে তাঁরা হামলা, মামলা, মারধর ও মেয়ের নামে কুৎসা রটিয়ে রউফ মোল্লার পরিবারকে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার সকালে রউফ মোল্লা বাড়ির সীমানার পাশে একটি নারকেলগাছ থেকে নারকেল পাড়তে যান। এ সময় ওই গাছের দাবিদার তাঁর চাচাতো ভাই মোশাররফ মোল্লা তাঁকে বাধা দেন। একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বচসা হয়। এ সময় সংঘর্ষ শুরু হলে রউফ মোল্লা, তাঁর ছোট ছেলে রকিবউজ্জামান, ছেলের বউ সোনিয়া ইসলাম এবং মোশাররফ মোল্লার ছেলে মনিরুল ইসলাম ও ওবায়দুর রহমান আহত হন। রউফ মোল্লার স্ত্রী রোজিনা খাতুন অভিযোগ করেন, ‘ প্রায় ১০ বছর আগে আমার ননদেরা তাঁদের ভাগের সম্পত্তি আমাদের সাময়িকভাবে ভোগ করতে দেন। এ কারণে আমার ভাশুর শুকুর মোল্লা ক্ষুব্ধ। সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কারণে আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার ভাশুর পেছনে থেকে চাচাতো দেবরকে দিয়ে এসব করাচ্ছেন। এর আগে তাঁরা আমার বিবাহিত মেয়ের নামে কুৎসা রটিয়ে তাঁর সংসার ভাঙার চেষ্টা করেছেন।’আবদুস শুকুর মোল্লা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্বন্দ্বের কারণে আমি আমার বাড়িতে উঠতে পারি না। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’রউফ মোল্লার ছোট মেয়ে আফসানা সুলতানা বলেন, ‘গত বছর আমরা বাড়িতে পাকাঘর দেওয়ার সময় আবদুস শুকুর মোল্লা ও চাচাতো চাচা মোশাররফ মোল্লা মিলে কাজ বন্ধের জন্য আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। আমরাও তাঁদের বিরুদ্ধে মামলা করেছিলাম।’মোশাররফ মোল্লা বলেন, ‘মাস খানেক আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে সম্পত্তি মাপা হয়। এতে আমি চাচাতো ভাই রউফ মোল্লার বাড়ির ভেতর আড়াই শতাংশ জমি পাই। সোমবার আমার সীমানার মধ্যে থাকা গাছ থেকে রউফ মোল্লা নারকেল পাড়তে গেলে আমি তাঁকে বাধা দিই। এ সময় তাঁরা সবাই মিলে আমার ওপর হামলা করেন।’মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’