এক পরিবারকে 'একঘরে' করা, তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জুড়ীতে একটি পরিবার একঘরে ১০ বছর’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। গত ৩১ মে মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম এ জি এম আল মাসুদ জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ আদেশনামা (পিটিশন ১৯৯/২০১৭) পাঠান।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের এড়ালিগুল গ্রামের বাসিন্দা ফাতির আলী ও তাঁর ভাই শরাফত আলীর মধ্যে ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৭ সালের দিকে এক আত্মীয়ের মধ্যস্থতায় বিরোধপূর্ণ জায়গায় ফাতির আলী ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এরপর শরাফত বাঁশের বেড়া স্থাপন করে ওই জায়গা দখলের চেষ্টা চালান। এ অবস্থায় স্থানীয় লোকজন সালিস বৈঠক ডেকে বিরোধ মিটমাটের উদ্যোগ নেন। তবে সালিসকারীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফাতির থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ করেন। এ নিয়ে ক্ষুব্ধ সালিসকারীরা ফাতিরের কাছে কৈফিয়ত চান। একপর্যায়ে তাঁরা ফাতিরকে একঘরে রাখার সিদ্ধান্ত নেন। স্থানীয় মসজিদে ফাতিরকে নামাজ পড়তেও নিষেধ করে দেওয়া হয়।
এ নিয়ে গত ২৬ মে প্রথম আলোয় ‘জুড়ীতে একটি পরিবার একঘরে ১০ বছর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

পুলিশ সূত্র জানায়, এ সংবাদের পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশনামা পাঠান। আদেশনামায় আদালত প্রথম আলোয় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের যেকোনো অভিযোগ নিয়ে থানা বা আদালতে আশ্রয়লাভের সমান অধিকার রয়েছে। প্রজাতন্ত্রের কোনো নাগরিককে থানা বা আদালতের শরণাপন্ন হওয়ার কারণে সালিস ডেকে সমাজে একঘরে করে রাখা বা সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার সিদ্ধান্ত দেশের আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।
আদালত বলেন, মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। সেখানে মুসলিম সম্প্রদায়ের সব নাগরিকের সমান প্রবেশাধিকার রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাংলাদেশের সর্বত্র অবাধে চলাফেরা করার অধিকারের কথা উল্লেখ আছে।
আদালত আরও বলেন, ‘সংবাদে প্রতীয়মান হয় যে উক্ত বৈঠকের সালিসকারীরা ফাতির আলী ও তাঁর পরিবারের সদস্যদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করার জন্য সমাজে বসবাসরত বিভিন্ন স্তরের জনগণের মধ্যে তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে থাকবেন, যাতে করে উক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষের জন্ম নেয়। এভাবে জনমনে বিদ্বেষ ছড়িয়ে সমাজে একঘরে করে রাখার যে প্রয়াস তা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সদস্যদের জন্য মানহানিকরও বটে।’ ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে ১৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আদেশনামায় বলা হয়।

জুড়ী থানার ওসি মো. জালাল উদ্দিন আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, আদেশনামা পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।