এক পরিবারের চারজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারের পোস্তা এলাকার একটি বাসায় গত বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ চারজন হলেন ব্যবসায়ী রেজাউল করিম (২৭) ও তাঁর স্ত্রী রানী বেগম (২২), দুই মেয়ে আনিকা (৩) ও জুঁই আক্তার (২)।
বার্ন ইউনিটে রানী বেগম বলেন, তাঁরা পোস্তার চামড়াপট্টি এলাকার ৭৬/৭৭/২/১ টিনশেড কলোনিতে ভাড়া থাকেন। বুধবার রাত তিনটার দিকে বিদ্যুৎ ছিল না। দেশলাই দিয়ে মোমবাতি জ্বালানোর সময় হঠাৎ আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শোঁ-শোঁ করে আওয়াজ শুনতে পান তিনি। তখন গ্যাসেরও গন্ধ পান। রানী বেগম মনে করছেন, গ্যাসের লাইন ছিদ্র হয়ে ঘরে গ্যাস জমে ছিল। দেশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভান এবং তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, আগুনে রেজাউলের শরীরের ১৪ শতাংশ, রানী ও আনিকার ২৬ শতাংশ এবং জুঁইয়ের ৪৭ শতাংশ পুড়ে গেছে। দুই শিশু অানিকা ও জুঁই এবং তাদের মা রানীর অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মোহাম্মদ মাহমুদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।