এক পরিবারের ছয় সদস্য চার মাস উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের শংকরপাশা গ্রামের একই পরিবারের ছয় সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। চার মাস পার হলেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে নলছিটি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সাধারণ ডায়েরি ও নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শংকরপাশা গ্রামের রাজমিস্ত্রি উমর আলীর (৫৮) স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), কন্যা মুক্তা বেগম (২৫), খুশি আক্তার (২০), ঝুমুর আক্তার (১৮), কনিকা (১৩) ও নাতনি মীম (৫) গত ২ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হন। একই দিন নিখোঁজ হন একই এলাকার বাদশা সিকদার (২৮) নামের এক তরুণ।উমর আলী গত ৮ আগস্ট নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-২৮৮)। এতে তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রী ও কন্যারা তাঁর কথা শুনত না। তারা সবাই মাইজভান্ডার শরিফের ভক্ত এবং পাশের বাড়ির বাদশা নামের এ যুবককে নিয়ে গানবাজনা করত।উমর আলী বলেন, ‘বাদশা ফুঁসলিয়ে আমার স্ত্রী ও কন্যাদের কোথাও নিয়ে গেছে। আমি থানায় জিডি করেছি। কিন্তু পুলিশ একদিনও খোঁজ নেয়নি।’ওমর আলীর নিখোঁজ বড় মেয়ে মুক্তা বেগমের স্বামী ঢাকার ট্রাক চালক মনির হোসেন গত ১৭ আগস্ট নলছিটি থানায় দায়ের করা জিডিতে (জিডি নং-৭০০) দাবি করেন, তাঁর স্ত্রী একই উপজেলার ভরতকাঠি গ্রাম থেকে পিত্রালয়ে যাওয়ার পথে বিকেল চারটায় পাঁচ বছরের কন্যাসহ নিখোঁজ হয়।উমর আলীর প্রতিবেশী গৃহবধূ মরিয়ম বেগম বলেন, ‘উমর আলীর স্ত্রী-কন্যারা বাদশাকে নিয়ে প্রতি সোম ও বৃহস্পতিবার রাতে ঘরের ভেতরে গানবাজনা করত। উমর আলী এবং প্রতিবেশীরা তা পছন্দ করতেন না। অনেকবার তাদের গানবাজনা বন্ধ করতে বলা হয়েছে। গত ২ আগস্ট দুপুরে দেখি ঘরে তালা মারা, কেউ নেই।’এলাকার আবুল বাশার নামে এক যুবক বলেন, ‘বাদশা কোনো খারাপ উদ্দেশ্যে একই পরিবারের ছয়জন নারী সদস্যকে নিয়ে উধাও হয়েছে। বাদশা গ্রেপ্তার হলেই সব রহস্য উদ্ঘাটিত হবে।’বাদশার বাবা শংকরপাশা গ্রামের মুদি দোকানি মুনসুর সিকদার (৭৮) বলেন, ‘প্রায় চাইর মাস অইছে পোলার কোনো খোঁজ নাই। মানসে কয় ওই বাড়ির বউ-মাইয়া লইয়্যা পলাইয়া গ্যাছে।’এলাকার প্রবীণ ব্যক্তি মুনসুর আলী মৃধা বলেন, ‘ওমর আলীর ঘরের মধ্যে গানবাজনা বন্ধের জন্য এলাকার লোকজন একত্র হয়ে ২ আগস্ট সকালে সামাজিক প্রতিরোধের আলোচনা করি। দুপুরেই খবর পাই ওমর আলী ছাড়া পরিবারের সবাই চলে গেছে। একই দিন এ এলাকার বাদশাও উধাও হয়ে যায়।’এলাকার সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলর নার্গিস আক্তার বলেন, ‘উমর আলীর স্ত্রী ও কন্যাদের গানবাজনার কারণে এলাকাবাসী তাদের ওপর ক্ষিপ্ত ছিল, সামাজিক প্রতিরোধের আশঙ্কায় হয়তো তারা এলাকা থেকে পালিয়ে গেছে।নলছিটি থানার ওসি এস এম আজিজুল হক বলেন, ‘জিডির পর এলাকার খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, ওই গ্রামের ছয়জন নিখোঁজ হয়েছে ঠিকই, কিন্তু তাদের কেউ জোর করে নিয়ে যায়নি। স্বেচ্ছায় এলাকা ছেড়েছে, তার পরও দেশের সব থানায় তারবার্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।’