
রাজশাহীতে গতকাল শুক্রবার দুপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-বাবা ও তাঁদের চার বছরের মেয়ে নিহত হয়েছে।
এদিকে গতকাল নাটোর, ফরিদপুর, বরগুনা ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহীতে নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম খলিল (৪৫), তাঁর স্ত্রী ববিতা বেগম (৩০) ও তাঁদের মেয়ে রাইসা (৪)। ইব্রাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন কর্মচারী ছিলেন। বাড়ি জেলার পবা উপজেলার কুখণ্ডি মোল্লাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঈদের বাজার করতে চার বছরের মেয়ে রাইসা খাতুনকে নিয়ে তার মা-বাবা গিয়েছিলেন রাজশাহী শহরে। কেনাকাটা শেষে দুপুরে তাঁরা অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে নগরের খড়খড়ি বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে ইব্রাহিম মারা যান।
এই দুর্ঘটনায় অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশাকে চাপা দিয়েই ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে এবং এলাকাবাসীকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।
নাটোর: নাটোরে নিহত ব্যক্তির নাম দ্বীন মোহাম্মদ (৩৬)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, গতকাল ভোর চারটার দিকে কয়েন বাজার এলাকায় মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকাগামী আরেকটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ওই বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর সহযোগীসহ দুজন আহত হন।
বরগুনা: সদরের গগন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুছ আলী, তাঁর স্ত্রী ও ছেলে বায়েজিদকে নিয়ে গতকাল আমতলীতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে আমতলী পৌর এলাকার হাজিবাড়ি মসজিদসংলগ্ন আমতলী-পটুয়াখালী সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।
ঝালকাঠি: সারা মণি রাজাপুরের কাঠিপাড়া গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে। সে গতকাল রাজাপুর থেকে টমটমে করে মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছিল। দুপুর ১২টার দিকে তাঁরা টমটমে করে কাঠিপাড়া গ্রামে এসে নামেন। এরপর বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাঠিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিরোজপুরগামী একটি ট্রাক সারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার পুকুরিয়া এলাকায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের চালক আবদুল্লাহ (৪০) নিহত হন। আবদুল্লাহ সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।