এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির তিন দিন পর বাবা, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে এ তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের সবার লাশ উদ্ধার হলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সেলিম খান (৫০) ও তাঁর ছেলে ইমনের (১২) লাশ সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বক্তাবলীর রাজাপুর ও আলীরটেক এলাকার বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে। পুলিশ লাশগুলো উদ্ধার করে। সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর এলাকায় সেলিম খানের মেয়ে মৌসুমী আক্তারের (১৫) লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। পরে নিহত সেলিম খানের স্বজনেরা লাশগুলো শনাক্ত করেন। এর আগে সোমবার বিকেলে নিখোঁজ ট্রলারযাত্রী আবদুল কাদিরের লাশ উদ্ধার করে পুলিশ।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল রাজ্জাক বলেন, লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিন মনি বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ আছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’
গত শনিবার ভোরে ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত ওই যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের তিনজনসহ নিখোঁজ হয় চারজন।