এক পরিবারের পাঁচজনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের তিনটি আসনে গতকাল বুধবার এক পরিবারের পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওই মনোনয়নপত্র জমাকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, তাঁর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, মুরাদ সিদ্দিকী ও করটিয়ার সরকারি সা’দত কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) আজাদ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।

তাঁদের মধ্যে লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কাদের সিদ্দিকী, তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাদের সিদ্দিকী ও তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়নপত্র জমা দেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী এ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি এ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আইনগত কোনো জটিলতায় কাদের সিদ্দিকীর মনোনয়ন যদি বাতিল হয়, সে ক্ষেত্রে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এ আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। তাঁর স্ত্রী ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। তা ছাড়া এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে কাদের সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন। টাঙ্গাইল-৫ (সদর) আসনে মুরাদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুরাদ সিদ্দিকীর পক্ষে তাঁদের ভাই যুক্তরাজ্যপ্রবাসী বেলাল সিদ্দিকী গতকাল টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেন। মুরাদ সিদ্দিকী এ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।