এক পরিবারের ২৫ সদস্য চার দিন ধরে একঘরে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক ব্যক্তি আহমদিয়া জামায়াতের সদস্য হওয়ায় তাঁর পরিবারের ২৫ জন সদস্যকে চার দিন ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার নাওগলা গ্রামের আবদুল মজিদ শেখের ছেলে মতিউর রহমান উপজেলা আহমদিয়া জামায়াতের সদস্য। গত শুক্রবার নাওগলা জামে মসজিদে জুমার নামাজ শেষে ইমাম মাওলানা উমর ফারুকের নির্দেশে মাতব্বর সামছুল ইসলাম, আবদুল হাই ও হোসেন আলী খ্রিষ্টান হয়ে যাওয়ার অভিযোগ এনে মতিউর রহমান ও তাঁর ২৫ সদস্যের পরিবারকে সমাজচ্যুত (একঘরে) করার ঘোষণা দেন। এর পর থেকে মতিউর রহমান পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় রয়েছেন।
মতিউর রহমানের ভাইয়ের মেয়ে কলেজছাত্রী শাহনাজ পারভীন বলেন, ‘ঘরের বাইরে যেতে পারছি না। ক্লাস করতে পারছি না।’
নাওগলা জামে মসজিদের ইমাম উমর ফারুক বলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মাতব্বরদের সিদ্ধান্ত অনুযায়ী মতিউর রহমানের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আকবর আলী বলেন, ‘আহমদিয়া জামায়াতের সদস্য হওয়া মানে খ্রিষ্টান হয়ে যাওয়া। তাই তাঁর পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে।’ সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, তাঁরা বিষয়টি দেখবেন।