
তিন জেলায় গতকাল মঙ্গলবার চারটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ জন। এর মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়াদহ খেয়াঘাট এলাকায় ট্যাংকলরি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের আটজনসহ নয়জন প্রাণ হারান। একই এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন এক কলেজছাত্রী। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে নিহত হয়েছেন সাতজন ও যশোরে তিনজন।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গড়াদহ খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ দিকে সকাল ছয়টার দিকে জ্বালানিবাহী খালি ট্যাংকলরি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে একটি পরিবারের আটজনসহ নয়জন নিহত হয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে একই এলাকায় বাসস্ট্যান্ডের উত্তর দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হন। দুটি দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজাদপুর ও উল্লাপাড়ার ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের সবাই সম্পর্কে চাচাতো ভাইবোন, চাচি, মা, ভাবি, ভাতিজা, ভাতিজি ও নাতনি।
প্রথম দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ওজিফা বেগম (৬০), জালাল উদ্দিন (৪০), তাঁর স্ত্রী অঞ্জনা খাতুন (৩৫), ফিরোজা বেগম (৩৫), রেবেকা খাতুন ওরফে রেনু খাতুন (৪০), বন্যা খাতুন (১০), মকবুল হোসেন (৪০), পূর্ণিমা খাতুন (৩৫) এবং নছিমনের চালক আবদুস সোবহান (৪০)। নিহত ব্যক্তিরা সবাই শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং নছিমনচালক ছাড়া বাকি সবাই একই পরিবারের সদস্য।
অপর দুর্ঘটনায় নিহতের নাম সীমা খাতুন (২২)। শাহজাদপুর সরকারি কলেজের বিবিএসের ছাত্রী সীমা খাতুন শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের আমোদ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী এবং সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন বলেন, উপজেলার বড় মহারাজপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নছিমন ভোর ছয়টার দিকে গড়াদহ খেয়াঘাট এলাকায় পৌঁছলে ট্যাংক লরির ডান দিকের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনকে চাপা দিয়ে রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় নছিমনটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই নছিমনের চালকসহ ৫ জন নিহত এবং ১৭ জন আহত হন।
দুপুর সোয়া ১২টার দিকে গড়াদহ খেয়াঘাট এলাকার ২০০ মিটার উত্তরে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। শাহজাদপুর থেকে কলেজছাত্রীসহ চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্লাপাড়ার আকবর আলী কলেজে যাচ্ছিল। অটোরিকশাটি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পাবনাগামী নাইটস্টার পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাহজাদপুর সরকারি কলেজের ছাত্রী সীমা খাতুন নিহত এবং তিনজন যাত্রী ও চালক আহত হন। পরে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে যায়।
নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সমবায় সমিতির পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী: নগরের মাসকাটাদীঘি পশ্চিমপাড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশুও আছে। বেলা দেড়টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ও রাজশাহী থেকে জেলার তাহেরপুরগামী দুটি বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন তারেহপুরগামী অর্পা পরিবহনের যাত্রী রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের আবু বকর সিদ্দিক (৬৫), রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাঘা উপজেলার ফতেপুর বাউসা গ্রামের ফারজানা শেখ, পুঠিয়ার ভালুকগাছী গ্রামের ময়নুদ্দিন (৭০) ও অর্পা পরিবহনের চালক মিন্টু (৩৫), ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নরশিয়া গ্রামের বেলী আরা (৫৪), তাঁর স্বামী আজাফফর আলী (৬৫) ও ন্যাশনাল গাড়ির চালক শহিদুল ইসলাম (৪০)। দুই বাসের আহত যাত্রীদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে ১৯ জন, নিউরোসার্জারি বিভাগে ২১ জন এবং সাধারণ সার্জারি বিভাগে সাতজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এঁরা হলেন রাজশাহী নগরের দুইপাড়া এলাকার রোকাইয়া (১২), হড়গ্রামের সাজিদ (৪) ও রাজশাহী নগরের ঘোষপাড়া এলাকার রাহাত (৬)।
ঘটনাস্থলের পাশেই মেসার্স আয়শা ট্রেডার্সের ইয়ার্ডে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁদের একজন মোজাম্মেল হক (৩৫) প্রথম আলোকে বলেন, দুপুরে কাজ শেষ করে তিনি একজন সঙ্গীসহ ইয়ার্ড থেকে রাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে চলা ন্যাশনাল গাড়িটি একটি হিউম্যান হলারকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিপরীত দিকে থেকে আসা অর্পা গাড়িটির সঙ্গে ন্যাশনাল গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, বর্তমানে আহত ৪৭ জন হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে নিউরোসার্জারি বিভাগে ভর্তি থাকা তিনজন এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের একজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। বাকি সবার অবস্থা গুরুতর, তবে আশঙ্কাজনক নয়।
যশোর: সদর উপজেলার মালঞ্চি এলাকায় বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নির্মাণশ্রমিক ও একজন পথচারী। সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মালঞ্চি গ্রামের ওয়াহেদ আলী (৪০) ও আলী হোসেন (১৮) এবং নতুনহাট গ্রামের আইয়ুব আলী (৪৫)। ওয়াহেদ ও আইয়ুব নির্মাণশ্রমিক ও আলী হোসেন পথচারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।