এক পরীক্ষায় হাঁফ ছাড়লে আরেকটার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেমেয়েরা পরীক্ষার কেন্দ্রে। বাইরে অভিভাবকেরা মেতেছেন আলোচনায়। ছবি: আবদুর রশিদ
ছেলেমেয়েরা পরীক্ষার কেন্দ্রে। বাইরে অভিভাবকেরা মেতেছেন আলোচনায়। ছবি: আবদুর রশিদ

পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বাইরে চলছে তাদের অভিভাবকদের কথার তুবড়ি। জটলা করে তাঁরা দেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, মমতার বাংলাদেশ সফর—এসব নিয়ে খই ফোটাচ্ছেন কথার। আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের চিত্রটি ছিল এমনই।
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেল, আজ ছিল এসএসসির গণিত পরীক্ষা। নির্বিঘ্নে তাঁরা পরীক্ষার কেন্দ্রে এসেছেন। কোথাও কোনো বাধার সম্মুখীন হননি। তবে কেউ কেউ পড়েছেন যানজটের কবলে।
অভিভাবক মুন্সি শামসউদ্দিন প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবেই পরীক্ষা চলছে। কোনো ঝামেলা হয়নি। নিরাপত্তাব্যবস্থাও ভালো। রফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, তিনি রাজধানীর কাজিপাড়া থেকে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে তাঁর ছেলে কানন শাহনেওয়াজকে নিয়ে এসেছেন। তাঁদের আসতে কোনো অসুবিধা হয়নি।
আজিমপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা যায়, সেখানে অভিভাবকেরা জটলা করে নানা আলোচনায় মেতেছেন। একজন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে ইতিহাস নিয়ে শুরু করেছেন। উঁচু গলায় করে বলেই চলেছেন। কাউকে সুযোগ দিচ্ছেন না। কয়েকজন আবার তাঁকে উৎসাহ দেন, চালিয়ে যান বলে বাহবা দিচ্ছিলেন। তিনি শেষ করতে না করতেই আরেকজন বলতে শুরু করেন। তিনি বলেন, ‘রাখেন আপনার ইতিহাস! দেশের কী অবস্থা—সেটা নিয়ে কথা বলেন।’
এরপরের আলোচনায় আসে রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক—সবই তাঁদের আলোচনার বিষয়বস্তু। অধিকাংশ অভিভাবক মন্ত্রীসহ দেশের বিভিন্ন নেতার কর্মকাণ্ড নিয়ে বলছিলেন।
কবিরুল ইসলাম নামের একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘তিন ঘণ্টা আমাদের এভাবেই কেটে যায়। আলোচনার কেন্দ্রে থাকে দেশের পরিস্থিতি। দুরু দুরু মনে সন্তানকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে আসা হয়। ভালোয় ভালোয় পরীক্ষা শেষ হলে হাঁফ ছাড়েন। এর পর আসে পরের পরীক্ষার চিন্তা।’