এক পরীক্ষার্থী, তবু ফলাফলে অসংগতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অংশ না নিয়েও নম্বর পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। পাশাপাশি পুরোনো গ্রেডিংয়ে ফলাফল প্রকাশের কথা থাকলেও তা দেওয়া হয়েছে অভিন্ন গ্রেডিং পদ্বতিতে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগে। বিভাগের সংস্কৃত বিষয়ের একমাত্র শিক্ষার্থী সুকুমার কুণ্ডু স্নাতকোত্তরের নম্বর ফর্দ দেখে নিজেই এই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভাগীয় সভাপতির কাছে। এই শিক্ষার্থী কলা অনুষদে স্নাতকে জিপিএ-৩ দশমিক ৮৮ পেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১০ পান।প্রাচ্য ভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের শিক্ষার্থী সুকুমার কুণ্ডুর স্নাতকোত্তর শ্রেণীর নম্বর ফর্দ পর্যালোচনা করে দেখা গেছে, এই শিক্ষার্থী (সুকুমার) ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র হলেও তাঁর ফলাফল প্রকাশ করা হয়েছে অভিন্ন গ্রেডিং পদ্বতিতে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মোজাফ্ফর হোছাইন প্রথম আলোকে বলেন, ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন অভিন্ন গ্রেডিং পদ্বতি চালু করে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর ক্ষেত্রে অভিন্ন গ্রেডিং পদ্বতিতেই ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এর আগের সব শিক্ষাবর্ষের ক্ষেত্রে পুরোনো গ্রেডিং পদ্বতিই অনুসরণ করতে হবে। এর উল্টো হলে নিয়মের ব্যত্যয় হবে।অন্যদিকে স্নাতকোত্তর শ্রেণীর একই ফলাফলে সুকুমার কুণ্ডু কোনো শ্রেণী পরীক্ষায় অংশ না নিলেও তাঁকে ৫০৬ নম্বর কোর্সে (শ্রেণী পরীক্ষা, টার্মিনাল, মৌখিক পরীক্ষা) ৫৫-৬০ শতাংশ (বি মাইনাস) নম্বর দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর শ্রেণী পরীক্ষার জন্য বরাদ্দ ছিল। সে ক্ষেত্রে টার্মিনাল ও মৌখিক পরীক্ষায় ৫০ নম্বরের মধ্যে তাঁকে দেওয়া হয় ৫৫-৬০ নম্বর!সুকুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় আমি শ্রেণী পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা কমিটির সভাপতি শান্তি রানী হালদারের কাছে গেলেও তিনি পরীক্ষা নেননি। এ ছাড়া তিনি ইচ্ছাকৃতভাবে অনিয়ম করে অভিন্ন গ্রেডিং পদ্বতিতেই ফলাফল প্রকাশ করেছেন।’এ প্রসঙ্গে জানতে পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্নাতকোত্তর শ্রেণীর একাধিক কোর্সের পরীক্ষক শান্তি রানী হালদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এদিকে একই বিভাগের সংস্কৃত বিষয়ের দ্বিতীয় বর্ষের ফলাফলেও অনিয়মের ঘটনা ঘটেছে। ওই বর্ষের ২০৪ নম্বর কোর্সে (গল্প সাহিত্য) ১৯ শিক্ষার্থীকেই প্রতিটি প্রশ্নে একই নম্বর দিয়েছেন দুই পরীক্ষক। অথচ নিয়মানুসারে প্রথম পরীক্ষক কত নম্বর দিয়েছেন তা দ্বিতীয় পরীক্ষকের দেখার কথা নয়। সম্প্রতি এ ফলাফল প্রকাশিত হয়।ওই কোর্সের প্রথম পরীক্ষক সুপ্তিকণা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে দ্বিতীয় পরীক্ষক শান্তি রানী হালদার তাঁর মুঠোফোন বন্ধ রাখেন।প্রাচ্য ভাষা বিভাগের সভাপতি জ্ঞান রত্ন প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে এখনো আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে আমি বিষয়টি ভেবে দেখব।’