এক পায়ে জীবনযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ত্রিশেক আগে ডান পা কেটে ফেলতে হয় তফিল উদ্দিনের। পা কাটার আগে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। এরপর উপায় না পেয়ে ভিক্ষা শুরু করেন। কিন্তু আত্মসম্মান বাধা হয়ে দাঁড়ায়। এক পা নিয়েই মনের জোরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি। এভাবেই কেটে গেছে ২৬ বছর।
তফিল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সরকারপাড়া গ্রামে। এখন তাঁর বয়স ৫৫ পেরিয়েছে। আজও এক পায়েই ভ্যানে যাত্রী ও মালামাল টেনে চলেছেন তিনি। কিন্তু এখন শরীর যেন আর সইছে না। এক পায়ে বেশি চাপ পড়ায় শরীরের বাম পাশে মাঝেমধ্যে তীব্র ব্যথা হয়।
তফিল উদ্দিন বলেন, ১৯৮৫-৮৬ সালের দিকে খেতে ধান লাগাতে গিয়ে মরিচা ধরা লোহার একটি টুকরায় ডান পা কাটে তাঁর। পরে পচন ধরলে জীবন বাঁচাতে ঊরু থেকে পা কেটে ফেলতে হয়। এরপর সংসার চালাতে তিন বছর ভিক্ষা করেন তিনি। এরপর আত্মসম্মানে লাগায় উপজেলার লাহিড়ীহাট এলাকা থেকে ভ্যানে যাত্রী ও মালামাল টানা শুরু করেন। কখনো কখনো অর্থের প্রয়োজনে ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রামের মতো বড় বড় শহরে গিয়েও রিকশা চালান।
তফিল উদ্দিন বলেন, রাস্তায় গাড়ির সংখ্যা বেশি হলে বা খানাখন্দ থাকলে তাঁর খুব কষ্ট হয়ে যায়। তখন নেমে লাফিয়ে লাফিয়ে টানতে হয় ভ্যান। অন্যের সাহায্য ছাড়া ভ্যানে মালামালও তুলতে পারেন না।
উপজেলার চাড়োল গ্রামের বাসিন্দা ও শিক্ষক খসিউর রহমান বলেন, ‘অনেক বছর ধরে তফিলকে এক পায়ে ভ্যান চালাতে দেখছি। শুনেছি এখন মানুষটা প্রায়ই অসুস্থ থাকেন। মানুষটার সংগ্রাম দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।’
তফিলের স্ত্রী মর্জিনা বেগম বলেন, একটু বেশি আয়ের আশায় তাঁর স্বামী প্রায়ই বড় শহরে যান রিকশা চালাতে। তখন দুর্ঘটনার আশঙ্কায় খুবই চিন্তিত থাকেন তিনি। স্বামীর কষ্ট দেখে নিজেও মাঠে কাজ শুরু করেছেন। এভাবেই কোনোমতে চার মেয়ে ও এক ছেলে নিয়ে জীবন কাটছে তাঁদের।
তফিল উদ্দিন জানান, তাঁর বড় ছেলে দিনমজুরি করেন। দুটি মেয়ে পড়ছে ষষ্ঠ ও পঞ্চম শ্রেণিতে। আর ছোট দুটির বয়স পাঁচ ও তিন বছর। তিনি আক্ষেপ করে বলেন, ‘আর কত দিন যে ভ্যান চালাবা পারিমু কহা যায় না। তখন মেয়েলার কী হবে আল্লায় জানে।’ শরীরে সামর্থ্য থাকতে থাকতে মেয়েদের জন্য কিছু করে যেতে চান তিনি। তাহলে মরেও শান্তি পাবেন। তারপর চোখের জল মুছতে মুছতে ভ্যানটিতে আবার প্যাডেল মারতে শুরু করেন তিনি।