শিক্ষার্থী বেড়ে যাওয়ায় ফেনীর দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে তিন বছর ধরে দুই পালায় পাঠদান দেওয়া হচ্ছে। কিন্তু বিদ্যালয় দুটিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান ও শ্রেণীর কার্যক্রম ব্যাহত হচ্ছে।এতে শিক্ষকেরা একের পর এক শ্রেণীতে পাঠদান দিতে হিমশিম খাচ্ছেন। শিক্ষার্থীরাও যথাযথ পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।বিদ্যালয় দুটির দপ্তর সূত্রে জানা যায়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বর্তমানে এক হাজার ৫০০ শিক্ষার্থী আছে। একজন প্রধান শিক্ষক ও দুজন সহকারী প্রধান শিক্ষকসহ মোট ৫৩ জন শিক্ষক থাকার কথা এ বিদ্যালয়ে। অথচ প্রধান শিক্ষকসহ সাকল্যে ২৬ জন শিক্ষক আছেন এখানে। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী আছে এক হাজার ৩০০ জন। এখানে ৫৩ জন শিক্ষক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ২৩ জন।একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের দুই পালায় সমানভাবে ভাগ করা হয়েছে। প্রথম পালায় সকাল সাতটায় পাঠদান শুরু হয়ে চলে দুপুর বারোটা পর্যন্ত। দ্বিতীয় পালায় দুপুর ১২টায় পাঠদান শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। শ্রেণীর কার্যক্রম চালানোর জন্য শিক্ষকদেরও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রভাতি শাখার শিক্ষকেরা শুধু সকালে আর দিবা শাখার শিক্ষকেরা দুপুর থেকে বিকেল অবধি পাঠদান করেন। প্রতি পালার শিক্ষকদের বিরতিহীনভাবে শ্রেণীর কার্যক্রম চালাতে হয়। এতে শিক্ষকেরা হিমশিম খান।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয় দুটিতে প্রভাতি ও দিবা পালা চালু হয়। কিন্তু তিন বছর পরও বিদ্যালয় দুটিতে নতুন শিক্ষক ও কর্মচারীর পদ সৃষ্টি করা হয়নি। ফলে পুরোনো এক পালার শিক্ষক দিয়ে দুই পালার শ্রেণী কার্যক্রম ও পাঠদান চলছে।একাধিক অভিভাবক অভিযোগ করেন, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় তাঁদের সন্তানেরা ঠিকভাবে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এতে গৃহশিক্ষকের ওপর নির্ভরতা বাড়ছে।নাম প্রকাশ না করার শর্তে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে একজন শিক্ষক যদি কোনো দিন বিদ্যালয়ে আসতে না পারেন, সেদিন অন্য শিক্ষকদের বিরতিহীনভাবে শ্রেণীর কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হয়।ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা জানান, বিদ্যালয়ে কোনো সহকারী প্রধান শিক্ষক না থাকায় তাঁকে সকাল সাতটায় এসে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হয়। প্রধান শিক্ষকের কাজ ছাড়াও তাঁকে প্রতিদিন পাঁচ-ছয়টি ক্লাস নিতে হয়। শিক্ষকস্বল্পতার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও ফল হয়নি।শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষক (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহামঞ্চদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সম্পর্কে অবগত আছে।’