এক পালারও কম শিক্ষক দিয়েই চলছে দুই পালার (ডবল শিফট) কাজ। এতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। কোনোভাবে টানাটানি করে দুই পালার কাজ চালানোর জন্য শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। শিক্ষক-সংকটের ব্যাপারে চার বছর ধরে ঊর্ধ্বতন মহলে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানা গেছে। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলছে এমন অবস্থা। এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র ১২ জন। আপাতত কাজ চালানোর জন্য তিনজন শিক্ষককে অন্য বিদ্যালয় থেকে ধার করে (প্রেষণ) আনা হয়েছে। কিন্তু তাতে সংকট কাটছে না। কারণ, এক পালার জন্য যেখানে ২৬ জন শিক্ষক দরকার, সেখানে মাত্র ১৫ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের ৮৫০ জন ছাত্রীর পাঠদান করা হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাশ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক-সংকটের কথা ২০০৮ সালে ডবল শিফট চালুর পর থেকে অনেকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো এর কোনো সুফল মেলেনি। এত কম শিক্ষক দিয়ে দুই পালার কাজ চালাতে খুবই সমস্যা হয়। আমরা আপাতত পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত দুই পালা চালু রেখেছি। কিন্তু এভাবে কত দিন চালানো যাবে বলতে পারি না।’ শিক্ষক-সংকট নিরসন প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবগত আছে।’ জানা যায়, ১৯৮৪ সালে চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সরকারীকরণ করা হয়। এর আগে এটি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১২ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক পদমর্যাদার শিক্ষক। এ ছাড়া এ বিদ্যালয়ে অফিস সহকারী ও দারোয়ানের পদও শূন্য রয়েছে। দারোয়ানের কোনো পদই সৃষ্টি করা হয়নি বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে একজনকে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দিলেও দিনের বেলায় কাজ চালানোর কেউ নেই। ফলে এ সময়টা মেয়েদের এ বিদ্যালয়টি অরক্ষিত থেকে যাচ্ছে। জানা যায়, চট্টগ্রাম সরকারি সিটি বিদ্যালয়ে বর্তমানে ৮৫০ জন ছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে প্রভাতি শাখায় ৩০০ জন এবং দিবা শাখায় ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। ১৫ জন শিক্ষকের মধ্যে পাঁচজনকে প্রভাতি ও ১০ জনকে দিবা শাখায় পাঠদানের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। সূত্রমতে, দুই পালার প্রতিটি বিদ্যালয়ে মোট ৫৩ জন শিক্ষক প্রয়োজন। এর মধ্যে পুরো স্কুলের জন্য প্রধান শিক্ষকের একটি পদ ছাড়া এক পালার জন্য দরকার একজন সহকারী প্রধান শিক্ষক ও ২৫ জন সহকারী শিক্ষকসহ ২৬ জন শিক্ষক।