এক পাশে হাতিরঝিল, আরেক পাশে ময়লার ঝিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরা–বনশ্রী খালটি দূষিত হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে ময়লা–আবর্জনা ফেলে ভরাটের মহোৎ​সব। ছবিটি গতকাল বিকেলে মেরাদিয়া হাট থেকে তোলা l সাইফুল ইসলাম
রামপুরা–বনশ্রী খালটি দূষিত হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে ময়লা–আবর্জনা ফেলে ভরাটের মহোৎ​সব। ছবিটি গতকাল বিকেলে মেরাদিয়া হাট থেকে তোলা l সাইফুল ইসলাম

রামপুরা সেতুর ওপর দাঁড়ালে পশ্চিমে হাতিরঝিলের সৌন্দর্য। আর ঠিক উল্টো দিকে তাকালেই চোখে পড়বে পচাগলা ময়লায় ভরা দুর্গন্ধময় রামপুরা খাল। দুই সিটি করপোরেশনের আবর্জনার কনটেইনার উপচে পড়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি।
রামপুরা সেতু থেকে খালটি মেরাদিয়া বাজার হয়ে বালু নদের সঙ্গে মিশেছে। খালের এক পাশে বনশ্রী আবাসিক এলাকা, অন্য পাশে আফতাবনগর। সেখানে বিভিন্ন আবাসিক প্রকল্প গড়ে উঠছে।
গত ১৮ জুলাই প্রথম আলোতে ‘ময়লা ফেলে ভরাট হচ্ছে রামপুরা খাল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে খালের দুরবস্থার কথা উল্লেখ করা হয়। গতকাল রোববার গিয়ে একই চিত্র দেখা যায়। প্রায় সাড়ে তিন মাসেও কোনো পরিবর্তন হয়নি।
রামপুরা সেতু থেকে বনশ্রী সড়ক ধরে যতই এগোনো যায়, খালে ময়লার পরিমাণ ততই বাড়তে থাকে। আফতাবনগরের পাড়ের চেয়ে বনশ্রী পাড়ে আবর্জনা বেশি। পুরো পাড়ই ময়লার ভাগাড়। পানির রং কালো। চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালের মধ্যে আবর্জনাভরা বস্তাও ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা সুরাইয়া আকতার বলেন, ‘ঢাকার সব ময়লা মনে হয় এই খালেই ফেলা হয়। সব স্লুইসগেটও এখানে। ব্রিজটা পার হইলেই হাতিরঝিল, আর এই পাশটাকে বানাইছে ময়লার ঝিল।’
খালের পাড়ে বেশ কয়েক জায়গায় ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষের সাইনবোর্ড টাঙানো: ‘এখানে ময়লা ফেলা সম্পূর্ণরূপে নিষেধ’। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের দিকের সাইনবোর্ডটির গোড়ায় ময়লার স্তূপ। এ রকম বেশ কয়েকটি সাইনবোর্ডের সামনেই ময়লা ফেলে রাখা।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে রামপুরা ব্রিজের দিকে যেতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার কনটেইনার পড়ে আছে। ওই জায়গাটির চারপাশে নাক চেপে হাঁটতে হয়। এক পরিচ্ছন্নতাকর্মী বললেন, বিভিন্ন এলাকার ময়লা এনে তাঁরা এখানেই স্তূপ করেন। খাল হয়ে বনশ্রী থেকে আফতাবনগরে যেতে বেশ কয়েকটি বাঁশের সাঁকো আছে। একটি সাঁকোর নিচে খাল পুরোটাই আবর্জনায় ভরাট।
বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘খালের ময়লা পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের। তবে এই নভেম্বর থেকে সমিতির উদ্যোগেই বনশ্রী পাড় পরিষ্কার শুরু করব।’
মেরাদিয়া বাজারের অংশে খালের অবস্থা আরও করুণ। এখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা ছাড়াও বাজারের ময়লা ফেলা হয়। ময়লায় খালের প্রায় অনেকখানি ভরাট হয়ে গেছে। আবর্জনার স্থায়ী স্তূপের ওপর আরও আবর্জনা এনে ফেলা হচ্ছে।
ডিএনসিসির সহকারী প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা আনিচুল হক বলেন, ‘ওই জায়গায় আমাদের জনবল নাই। বাসাবাড়ি থেকে ময়লার ভ্যান এসে এগুলো ফেলে। আমরা বহুবার নিষেধ করেছি।’
ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম বললেন, কিছু ময়লা আগে থেকেই পড়ে স্থায়ী হয়ে গেছে। বিকল্প জায়গা না থাকায় এখানে সমস্যা বেশি। শিগগিরই বর্জ্য রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করা হবে। এ সপ্তাহেই জায়গাটি পরিষ্কার করবেন।