এক পাশের মাটি কেটে অন্য পাশ ভরাট
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে করতোয়া নদীর ওপর নির্মিত সেতুর এক পাশে পানি প্রবাহের মুখ বন্ধ করে চলছে মাটি ভরাট। অপর পাশে সেতুর নিচ থেকে চলছে মাটি খনন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সেতুটি।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছবদের আলী সেতুটির উত্তর পাশে নিজের জমি উঁচু করতে প্রায় এক মাস ধরে মাটি খনন ও ভরাটকাজ করছেন। স্থানীয়রা তাতে বাধা দিয়েও কোনো প্রতিকার পাননি। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের জনগণের চলাচলের সুবিধার্থে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে ২০০৪-০৫ অর্থবছরে পানি প্রবাহের দুই মুখবিশিষ্ট ৩৮ ফুট দৈর্ঘ্যের আরসিসি ঢালাই সেতু নির্মাণ করা হয়। এর নির্মাণ ব্যয় হয় ১৫ লাখ ৫৪ হাজার ২৭১ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামছুনাহার শিউলী বলেন, সেতুর পাশে এভাবে মাটি কাটা হচ্ছে এমন ঘটনা তাঁকে কেউ জানাননি। তাঁদের দপ্তরের উদ্যোগে সেতুটি নির্মিত হলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধির।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ১০-১২ জন শ্রমিক সেতুর পাশ থেকে মাটি কাটছেন। সেতুসংলগ্ন দক্ষিণ পাশ থেকে গভীর করে মাটি খনন করে তা ফেলা হচ্ছে সেতুটির উত্তর পাশে পানি প্রবাহের একটি মুখে।
স্থানীয়রা জানান, এই সেতুটি সুঘাট ইউনিয়নের গোয়ালজানি, সুঘাট, বানিয়াগাঁথি, চমরপাথালিয়া, শঠিবাড়ি, ওমরপাড়া, সূত্রাপুর ও সাতারা গ্রামের জনগণ চলাচলের একমাত্র পথ। এসব গ্রামের প্রায় পাঁচ হাজার কৃষক এই সেতুর ওপর দিয়ে কৃষিপণ্য আনা-নেওয়া করেন।
সেতুর পশ্চিম পাশের বিরইল গ্রামের বাসিন্দা ইউনুছ আলী বলেন, পানি প্রবাহের একটি মুখ বন্ধ করে মাটি ভরাট করায় বর্ষায় সরাসরি পানি প্রবাহে বাধাগ্রস্ত হবে। ফলে আশপাশের বাড়ি ও ফসলি খেত ভাঙনের মুখে পড়বে।
যোগাযোগের চেষ্টা করেও ছবদের আলীকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে আবদুর রাজ্জাক বলেন, সেতুটির পাশের জমিটি তাঁদের পরিবারের। জমিটি উঁচু করার জন্যই মাটি কাটা হচ্ছে।
উপজেলার সুঘাট ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বলেন, সেতুর নিচ থেকে মাটি কাটার কারণে সেতুটি ঝুঁকিতে পড়বে।