এক পাড়াতেই ৯৫ জন চিকুনগুনিয়ার রোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন রাসেল চন্দ্র জলদাস। জ্বরের চেয়েও তাঁকে বেশি কষ্ট দিচ্ছিল হাড়ের ব্যথা। প্রথমে এলাকার এক চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খান। জ্বর সারলেও ব্যথা না কমায় দুশ্চিন্তা হচ্ছিল তাঁর। তাঁর গ্রামের বেশ কয়েকজন জেলেরও একই অবস্থা দেখে গত মঙ্গলবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচিত এক চিকিৎসককে ফোনে ঘটনাটি জানান। দুপুরেই চিকিৎসকের একটি দল গ্রামে গিয়ে রোগের লক্ষণ দেখে জানায়, রাসেল চিকুনগুনিয়ায় আক্রান্ত।

গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাসেলদের গ্রামের ১১০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন তিনজন চিকিৎসক। এর মধ্যে ৯৫ জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে প্রাথমিক পরীক্ষা ও রোগের লক্ষণ দেখে চিকিৎসকেরা জানান। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে পরিবার রয়েছে ২৭৫টি। এর মধ্যে জেলেপাড়া দুটি। একটি পাড়ায় ১৮৫ পরিবার, অন্য পাড়ায় ৯০ পরিবারের বসবাস। ৯০ পরিবারের কাউকে এখনো পরীক্ষা করা হয়নি।

গতকাল দুপুরে জেলেপাড়ায় যান চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ওই ব্যক্তিরা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক পর্যবেক্ষণে তাঁদের মনে হয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য জ্বর আক্রান্ত ব্যক্তিদের রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই নমুনা সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে পরীক্ষা করা হবে।

এর আগে গত জুলাই মাসে এই সোনাইছড়ি ইউনিয়নেরই একটি পাহাড়ের ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে ৯ শিশু মারা যায়। তখন হামে আক্রান্ত ১৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পাহাড়ি ত্রিপুরাপাড়া থেকে দক্ষিণ সোনাইছড়ির সাগরতীরের জেলেপাড়ার দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। আর সীতাকুণ্ড উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে এই জেলেপাড়ার মধ্য দিয়ে একটি খাল বয়ে গেছে। খালের দক্ষিণ পাড়ের ১৮৫ পরিবারের লোকজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তিনি বলেন, আক্রান্ত রোগীদের ২৪ ঘণ্টা মশারির ভেতর থাকতে হবে। অন্যদেরও মশা থেকে দূরে থাকতে হবে। ঘরে মশারি ব্যবহার করার পাশাপাশি এলাকায় মশা নিধনের ব্যবস্থা করতে হবে। জেলেপাড়াসহ সীতাকুণ্ডের অন্য এলাকার মশা তাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি।

গতকাল দুপুরে জেলেপাড়ায় গিয়ে দেখা যায়, এলাকাটি ঘনবসতিপূর্ণ। প্রায় প্রতিটি ঘরের পাশে আবর্জনা। পাড়ার পরিবেশও নোংরা, দুর্গন্ধময়। দুপুরে পাড়ার একটি সমিতির কার্যালয়ে রোগী দেখছিলেন চিকিৎসকেরা। সেখানে দেড় বছরের শিশু রাখী জলদাসকে নিয়ে যান দাদি রাসমনি জলদাস। প্রাথমিক পরীক্ষা ও শরীরে রোগের উপসর্গ দেখে চিকিৎসক বললেন, রাখীরও চিকুনগুনিয়া হয়েছে।

রাসমনি জলদাস বলেন, চার দিন ধরে রাখীর জ্বর। প্রচুর কান্না করছে সে। তাদের পরিবারে চারজনেরই এই অবস্থা।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ দাস প্রথম আলোকে বলেন, তাঁর ঘরে মশারি আছে। কিন্তু টাঙান না। এত দিন ভাবতেন ফ্যান চালালে মশা কামড়ায় না।

একটি জেলেপাড়ার এত মানুষ কীভাবে এ রোগে আক্রান্ত হয়েছে, জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ বলেন, এই জেলেপাড়ার ৯৫ শতাংশের ঘরে মশারি নেই। একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর ওই মশা আরেকজনকে দংশন করে। এক শরীর থেকে দ্রুত অন্য শরীরে রোগ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, উপসর্গ বা লক্ষণ দেখে চিকিৎসকেরা জেলেপড়ার ওই ব্যক্তিরা চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে ধারণা করছেন, তবে পরীক্ষা করা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। এ ছাড়া সেখানকার মশার নমুনা সংগ্রহ করতে কীটতত্ত্ববিদেরা সীতাকুণ্ডে গেছেন।