এক পায়ে ঘুরছে জীবনের চাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পায়ে প্যাডেল মেরে যাচ্ছেন গোলাম মোস্তফা। ছবি: প্রথম আলো
এক পায়ে প্যাডেল মেরে যাচ্ছেন গোলাম মোস্তফা। ছবি: প্রথম আলো

বয়সের ভারে কিছুটা কাহিল তিনি। বাম পা নেই। তবু শরীরের এই ঘাটতি ষাটোর্ধ্ব গোলাম মোস্তফার কাছে তুচ্ছ। এক পায়েই প্যাডেল মেরে ঢাকার রাজপথে চালাচ্ছেন রিকশার চাকা। এতে সচল তাঁর জীবিকার চাকাও।
রাজধানীর গুলশান-মহাখালী এলাকায় প্রতিদিন রিকশা চালান মোস্তফা। তিনি বলেন, প্রথম দিকে একটু কষ্ট হতো। তবে এখন সমস্যা হয় না। অবশ্য দুজন যাত্রী রিকশায় চড়লে শরীরে খানিকটা চাপ পড়ে।

মোস্তফার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। ছোট বেলা থেকেই রিকশা চালান তিনি। বিয়ে করে সংসার পাতার পর স মিলে কাঠ ওঠানামার কাজ নেন। পাঁচ বছর আগে কাঠের একটি গুঁড়ি মোস্তফার বাম পায়ের ওপর পড়ে। এতে পা-টি মারাত্মক জখম হয়। টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে অস্ত্রোপচারে তাঁর ওই পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। এর পর দীর্ঘ দেড় বছর চিকিৎসা চলে। সুস্থ হয়ে স্ত্রী ওজুফাসহ দুই মেয়েকে নিয়ে ঢাকা চলে আসেন মোস্তফা। ঘর ভাড়া নেন মহাখালী কড়াইল বস্তিতে। স্ত্রী গুলশানের বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। কারও ওপর বোঝা না হয়ে আবার রিকশা চালানো শুরু করেন মোস্তফা। দুটি ক্রাচ রিকশার সামনে বেঁধে ডান পা দিয়ে প্যাডেল ঘোরান তিনি।

মোস্তফা বলেন, ‘ভিক্ষা করন ভালা না। বাম পা গেছে তো কী হইছে! এক পা, দুই হাত তো আছে। আল্লাহ তো আর সব কাইড়া লয় নাই। তাই রিকশা চালাইতাছি।’

মোস্তফা জানান, প্রথম দিকে ভারসাম্য রাখতে অসুবিধা হতো তাঁর। এখন সব স্বাভাবিক হয়ে গেছে। ১২০ টাকা জমা দিয়ে পুরোটা দিন রিকশা চালান তিনি। প্রতিদিন ৩০০-৪০০ টাকা আয় হয়। এর মধ্যে ২২০০ টাকা ঘর ভাড়া দিতে হয়। তার পর পেট চালানো।

মোস্তফা বলেন, ‘যাত্রীরা রিকশায় উঠতে ভয় পান না। আর এতেই সাহস পাইতাছি।’