পাবনা জজ আদালতের হাজতখানায় এক আসামিকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত পুলিশের হাবিলদার মোসলেম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ওই হাবিলদারের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরেই আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করেছি। তদন্তে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির আরও তদন্ত ও অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।’ গত মঙ্গলবার সকালে পাবনা জেলা কারাগার থেকে উজ্জ্বল হোসেন নামে এক আসামিকে মামলার শুনানির জন্য জজ আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় উজ্জ্বলের পরিবারের সদস্যরা সেখানে তাঁকে খাবার দিতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দায়িত্বরত পুলিশের হাবিলদার মোসলেম উদ্দিন ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলকে বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও আদালতে নিয়ে আসা হয়। গতকাল বুধবার প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।