এক পুলিশসহ নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে ২২ জন নিহত হওয়ার প্রাথমিক হিসাব পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

তবে পুলিশ সূত্র দাবি করেছে, রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশের এক সদস্যসহ নিহতের সংখ্যা আট।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ নিয়ে এ ২২ জনের লাশের হদিস পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৯ জন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হয়ে মারা যান। আর পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

হাসপাতাল ও মর্গ থেকে জানা গেছে, এ ২২ লাশের মধ্যে ১১টি সংশ্লিষ্ট হাসপাতাল ও মর্গে গেছে গতকাল সোমবার ভোরের দিকে। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় তাঁরা নিহত হয়েছেন। বাকি ১১ জনের লাশ রোববার দুপুর থেকে মধ্যরাতের মধ্যে এসেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টা থেকে গতকাল ভোর পর্যন্ত রাজধানীতে সহিংসতায় ৫৭ জন পুলিশ সদস্যসহ অন্তত দুই হাজার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে নগরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এক হাজার ৫৭৯ জন। আরও ৯৫ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলমসহ পুলিশের ৫৭ জন সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, একজন র‌্যাব সদস্যসহ দুজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ২৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১২ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত ব্যক্তিদের পরিচয়: নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্সের ছাত্র এ কে এম রেহান আহসান (২২), তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলায়, জাতীয় শ্রমিক পার্টির ঢাকা মহানগরের নেতা কাজী রাকিব হোসেন (৪০), গাজীপুরের কালীগঞ্জের একটি মসজিদের ইমাম মোহাম্মদ ইউনুস আলী (৩৫), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চড়পাড়ার বাসিন্দা ও বরিশাল ব্রজমোহন কলেজের স্নাতকোত্তর ছাত্র ইব্রাহিম খলিল (২৭), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাউলিয়া বড় বটতলার বাসিন্দা ও বাসচালকের সহকারী সিদ্দিকুর রহমান (৩২), বরিশালের মেহেন্দিগঞ্জের দেলোয়ার সিকদারের ছেলে ও বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকানের কর্মচারী নাহিদ শিকদার (২৬), চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুরাদপুরের শিহাবউদ্দিন (৬৫), নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলার আবদুল বাছেদের ছেলে মাহমুদুল হাসান ওরফে জুবায়ের (২৪), বরিশালের সদর উপজেলার চণ্ডীপুরের ইউনুস মোল্লা (৪৫), কুষ্টিয়ার দৌলতপুরের সামছুল আলম (৪৫), নরসিংদীর রায়পুরার মুক্তার হোসেন (৪৫), কুমিল্লার মাহমুদ হাসান (৪৮), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নতুন ভাসানচরের মো. মীরের ছেলে দীন ইসলাম (৩৬), মাদারীপুরের টেকেরহাটের কাতারী গ্রামের আল-আমিন (৩০) এবং মিরপুর ১৪ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই মোহাম্মদ শাহজাহান (৫০)।

বাকি সাতজনের পরিচয় গত রাতেও মেলেনি। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে চারজনের ও পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে একজনের লাশ পড়ে আছে। বাকি দুজনের লাশ কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের হিমঘরে রাখা আছে। এ দুজনের শরীরে অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ইসলামী ব্যাংকের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ গতকাল প্রথম আলোকে বলেন, সেখানে সামছুল আলম, মুক্তার হোসেন ও মাহমুদ হাসানসহ চারজনকে গতকাল ভোর রাতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গতকাল সকালে এ তিনজনের লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। বাকি লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

হাসপাতালের গ্রাহকসেবা কর্মী রাহাত হোসেন দাবি করেন, পুলিশের সামনেই এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজারবাগের দি বারাকা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, রোববার রাত সাড়ে ১০টার পর তাঁদের হাসপাতালে ছয় ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়। পরে শাহজাহানপুর থানার এক পুলিশ কর্মকর্তার (সেকেন্ড অফিসার) অনুমতি নিয়ে চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুজনের পরিচয় মেলেনি। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, তাঁদের কাছে আটজন নিহত হওয়ার তথ্য রয়েছে। বারাকা হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া লাশের ব্যাপারে কোনো তথ্য নেই বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ঢাকা অবরোধ কর্মসূচির পর রোববার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে অংশ নিতে গিয়ে হেফাজতের কর্মীরা মতিঝিল-পল্টন ও ফুলবাড়িয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডবলীলা চালান হেফাজতের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুলসংখ্যক গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, পেপার সেপ্র ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।