এক পুলিশের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানায় সোনার বার আত্মসাতের অভিযোগে করা মামলায় এক পুলিশের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার রামপুরা থানার কনস্টেবল ওয়াহিদুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম মেহের নিগার জামিনের আবেদন নাকচ করে দেন।
সোনার বার উদ্ধারের ঘটনায় তিন পুলিশকে আটক করা হয়। অন্য দুই আসামি হলেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও কনস্টেবল আকাশ চৌধুরী। তাঁরা বর্তমানে কারাগারে আটক আছেন।
২ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ওই তিন পুলিশ সদস্যসহ পুলিশের সোর্স মাহফুজ আলম ও সজীব শিকদারকে কারাগারে পাঠান আদালত। ৮ এপ্রিল মামলাটি করে পুলিশ। ১ এপ্রিল আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়।
গত ১৩ মার্চ রামপুরা ব্যাংক কলোনি বালুর মাঠ এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৭০টি বারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। এর মধ্যে ৭০টি উদ্ধার দেখিয়ে বাকিগুলো পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।