চট্টগ্রামে মামলার আলামত গায়েবের অভিযোগের মামলায় বরখাস্ত হওয়া এক পুলিশ কর্মকর্তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম তোফাজ্জল হোসেন। তিনি নগরের চান্দগাঁও থানায় মালখানার দায়িত্বে ছিলেন। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁও থানার মালখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ও এসআই এরশাদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর মামলা করেন ওই থানার এসআই দেলোয়ার হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়, তাঁরা দায়িত্বে থাকাকালে বিভিন্ন মামলার বেশ কিছু আলামত গায়েব করেন।
সরকারি কৌঁসুলি বলেন, নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি তোফাজ্জলকে তিন বছরের কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদুল ইসলামকে খালাস দেন।