এক পোশাকে লাভ ৪ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩ হাজার ১০০ টাকায় কেনা মেয়েদের একটি ভারতীয় পোশাকের দাম রাখা হচ্ছিল ৭ হাজার ২৯০ টাকা। একইভাবে ছেলেদের ৫ হাজার ৩১০ টাকায় কেনা একটি বিদেশি প্যান্টে দাম লেখা ছিল ৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ পোশাক দুটি কেনা দামের চেয়ে মালিক ৪ হাজার টাকা বেশি লাভে বিক্রি করছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরের নিউমার্কেটে অভিযান চালাতে গিয়ে ওয়েস্টার্ন ফ্যাশন হাউস নামের একটি দোকানে এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মুনাফা করার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মশিউর রহমান প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
তা ছাড়া কোনো কাগজপত্র না থাকায় ‘ওয়ার্ল্ড মিশন টোয়েন্টিওয়ান’ নামের একটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মশিউর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত দামে পোশাক বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউমার্কেটের ওয়েস্টার্ন ফ্যাশন হাউসে অভিযান চালানো হয়। ওই দোকানে ৪ হাজার টাকার বেশি লাভে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেছে। তাই ওই দোকানমালিক মো. লিটন শাহাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নগরের মজিদ সরণি এলাকায় একটি এমএলএম কোম্পানিতে অভিযান চালানো হয়।