এক প্যান্টে লাভ সাড়ে তিন হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪৮০ টাকায় কেনা শার্টের দাম রাখা হচ্ছিল ১ হাজার ৪৫০ টাকা। ১ হাজার ৫৯৫ টাকার প্যান্ট প্রায় সাড়ে ৩ হাজার টাকা লাভে বিক্রি হচ্ছিল ৪ হাজার ৮৯০ টাকায়।
গতকাল রোববার খুলনা নগরের নিউমার্কেটে অভিযান চালাতে গিয়ে জালাল শপিং হাউস নামের একটি দোকানে এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মুনাফা করার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মশিউর রহমান প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অযৌক্তিক দাম রাখায় নিউমার্কেট এলাকার আরেক পোশাকের দোকান ময়নামতিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের আরেক নির্বাহী হাকিম আতিকুল ইসলাম।
মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউমার্কেটের কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে অধিক দামে পোশাক বিক্রির প্রমাণ পাওয়া গেছে। জালাল শপিং হাউসে প্রতিটি পোশাকে শতভাগের বেশি মুনাফা করা হচ্ছে। মালিকপক্ষ বেশির ভাগ পোশাকের ক্রয় রসিদ দেখাতে পারেনি।
নিউমার্কেট এলাকার সেইফ এন সেইভ নামের সুপার শপে অভিযানে দেখা যায়, সাতটি ফ্রিজে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করা হয়েছে। দীর্ঘদিনের শুকিয়ে যাওয়া পচা আপেল ও আনারও পাওয়া যায় সেখানে। এসব অপরাধে মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ (এপিবিএন) খুলনার সদস্যরা এ অভিযানে সহায়তা করেন।