এক প্রকৌশলীর ‘ঘুষ’ নিয়ে ওয়াসায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী গোলাম মাহাবুবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ, তিনি ঘুষ ছাড়া ঠিকাদারদের বিলের ছাড়পত্র দেন না। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি হয়। অভিযোগের ভিত্তিতে গোলাম মাহাবুবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও তাঁর দুনীতির তদন্তকাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে এমন অভিযোগ এলে মঙ্গলবার সকালে দুদকের দুই সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা ও জাভেদ হাবিব ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে অভিযান চালান। এ সময় তাঁরা ঠিকাদারের বিল সংক্রান্ত কিছু নথিপত্র সংগ্রহ করেন। তখন দুদকের দুই কর্মকর্তা ওয়াসার সচিবের সঙ্গেও কথা বলেন।

দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ওয়াসা কর্তৃপক্ষকে এ বিষয়ে তাগাদা দেওয়া যে, কেন ওই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধ ওঠা দুনীতির তদন্ত প্রতিবেদন জমা দিতে এত দেরি হচ্ছে।

তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
দুদক জানিয়েছে, আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।