এক প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা
গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার বিকেলে একটি আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা প্রতিষ্ঠানটির নাম প্যাসিফিক কনজ্যুমার প্রোডাক্টস। ওই প্রতিষ্ঠান শিশুখাদ্য ও ভোগ্যপণ্য আমদানি করে। কিন্তু বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই এসব পণ্য দেশের বিভিন্ন অভিজাত বিপণিবিতানে সরবরাহ করে আসছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। গাজীপুরের নির্বাহী হাকিম তাজিনা সারোয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান শেষে নির্বাহী হাকিম প্রথম আলোকে জানান, ওই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৩১৮টি ভোগ্যপণ্য ও শিশুখাদ্য আমদানি করে। পরে এসব পণ্য দেশের বিভিন্ন অভিজাত চেইন স্টোরে বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটি অনৈতিকভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করছিল। অথচ বিএসটিআই কর্তৃপক্ষ তাদের কোনো ছাড়পত্র দেয়নি। অভিযান চলাকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। তাই তাদের এ জরিমানা করা হয়েছে।অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিদর্শক জিসান আহমেদ ও মো. জাহিদুর রহমানসহ পুলিশ অংশ নেয়।