এক প্রহরী পাহারা দেন ৩৩০০ একর বন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের প্রায় তিন হাজার ৩০০ একর সংরক্ষিত বনাঞ্চল পাহারায় আছেন মাত্র একজন বনপ্রহরী। যাঁর পক্ষে কোনোভাবেই এই বিশাল বনাঞ্চল রক্ষা করা সম্ভব নয়। অথচ এ বনাঞ্চলে রয়েছে মূল্যবান গাছ ও বনজ সম্পদ। যা প্রতিনিয়ত লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। কোদালা বিট কার্যালয় সূত্র জানায়, ১৯৭৫ সালে এই বন বিটে বাগান সৃজন করা হয়। এসব বাগানে মূল্যবান সেগুন, গর্জন, গামারি, মেহগনি, চাপালিশ, আকাশমণিসহ নানা প্রজাতির গাছ রয়েছে। রয়েছে মূল্যবান প্রাকৃতিক বেত। যা উজাড় করে ক্রমেই গড়ে উঠছে জনবসতি। এখানে রয়েছে বনগ্রাম নামে প্রায় দেড় হাজার বসতির একটি গ্রাম। এ ছাড়া ২০ বছর আগে বনাঞ্চলের প্রায় ৭০ ভাগ বনভূমির প্রাকৃতিক বন নিশ্চিহ্ন হয়ে গেছে। সেসব স্থানে সামাজিক বনায়নের আওতায় ২০০৬ সালে সামাজিক বনায়ন সৃজনের কাজ শুরু করে বন বিভাগ। সামাজিক বনায়নের আওতায় উপজেলার নিশ্চিন্তাপুর, জঙ্গল নিশ্চিন্তাপুর, আগুনিয়া, গজালিয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ উপকারভোগী নিয়োগ দেয় বন বিভাগ। তাঁদের তত্ত্বাবধানে সেগুন, গামারি, গর্জন, আকাশমণিসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়। যা এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। আর এসব বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে উপকারভোগী ও বন বিভাগের সমান অংশীদার থাকলেও দুর্বৃত্তদের কবল থেকে বাগানের গাছ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাগান রক্ষায় বিট কর্মকর্তা ছাড়া কোদালা বন বিটে রয়েছেন মাত্র একজন বনপ্রহরী। উপকারভোগীরা জানান, কোদালা বন বিটের চারপাশে উপজেলার লালানগর, হোছনাবাদ, রাজানগর, ইসলামপুর ও কোদালা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ৮১টি ইটভাটা রয়েছে। শুষ্ক মৌসুমে ভাটায় ইট পোড়ানোর জন্য কাঠ ব্যবহার করেন মালিকেরা। প্রতিটি ইটভাটায় মৌসুমে ১৫ হাজার মণ জ্বালানি কাঠ পোড়ানো হয়। কাঠের এ বিশাল চাহিদা পূরণের জন্য দুর্বৃত্তরা কোদালা বন বিটে সৃজিত সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যেতে শুরু করে। দুর্বৃত্তরা সামাজিক বনায়নের গাছ কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। যোগাযোগ করা হলে কোদালা বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিট কার্যালয়ে দুজন বনপ্রহরী আছেন। তাঁদের একজন হাতি তাড়ানোর কাজে, অন্যজন বনাঞ্চল পাহারায় রয়েছেন। তা ছাড়া বিটে ব্যবহূত বন্দুকটিও লক্কড়-ঝক্কড় মার্কা। এ পর্যন্ত বন বিভাগ দুর্বৃত্তদের বিরুদ্ধে ১২টি মামলা করেছে। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের এক কর্মকর্তা বলেন, এ বন বিট পাহারায় কমপক্ষে ১০ জন প্রহরী দরকার। রাঙ্গুনিয়ার রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এ রেঞ্জের বিভিন্ন এলাকায় বন্য হাতির উপদ্রব রয়েছে। ফলে রেঞ্জের চিরিঙ্গা বিট ও পোমরা বিটের মতো কোদালা বিট থেকেও একজন বনপ্রহরীকে হাতি তাড়ানোর কাজে নিযুক্ত করা হয়েছে। কোদালা বিটের জন্য আরও কয়েকজন প্রহরীর চাহিদা দেওয়া হবে বলে জানান তিনি।