এক প্রার্থী ও ১০ কর্মীর দণ্ড
কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে পাবনা ও বগুড়ার ধুনটে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুককে বৃহস্পতিবার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেন জানান, ওমর ফারুক একটি নির্বাচনী সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। রেকর্ড (বাণীবদ্ধ) করা তাঁর এই বক্তব্যের সিডিসহ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। পাবনা: সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলামের পক্ষে প্রচার চালানোর দায়ে নয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার তাঁদের প্রত্যেককে এক সপ্তাহ করে কারাদণ্ড দেন। তাঁরা হলেন, দুর্গাপুর গ্রামের আবুল হোসেন, উগ্রগড় গ্রামের মানিক হোসেন, মৌ গ্রামের আকবর আলী, সরগ্রামের মিলন কুমার, আবদুল মালেক, ঝরু মণ্ডল, সোহেল রানা, লিটন হোসেন ও খবির উদ্দিন। ধুনট (বগুড়া): টাকা দিয়ে ভোট কেনার দায়ে বগুড়ার ধুনটের সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামের কর্মী সাদেক আলীকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি গতকাল তাঁকে এ দণ্ড দেন। উপজেলার ১০টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধুনট থানার পরিদর্শক তোজাম্মেল হক জানান, সাদেক আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।