এক প্রার্থীর আপিল খারিজ, জয়ের পথে আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা পরিষদ উপনির্বাচনে েচয়ারম্যান পদে মাহবুব আলমের প্রার্থিতা পুনর্বহালের আবেদন খারিজ হয়ে গেছে। গতকাল শনিবার ঢাকা বিভাগের কমিশনার কার্যালয়ে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে একক প্রার্থী হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ উপনির্বাচনে দুজন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মতিন ভূঞা ও রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম। এর মধ্যে মাহাবুব আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা পুনর্বহালের জন্য বিভাগীয় পর্যায়ে আপিল করেন মাহাবুব আলম। গতকাল ঢাকা বিভাগের কমিশনার কার্যালেয় আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শেখ মজিবুর রহমান। শুনানিতে অংশ নেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. নূরনবী, নরসিংদী জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও আপিলকারী মাহবুব আলম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কাল সোমবার প্রতীক বরাদ্দের তারিখ। যেহেতু চেয়ারম্যান পদে একজন প্রার্থী টিকে আছেন, সে কারণে বিধি অনুযায়ী সেদিন আবদুল মতিন ভূঞাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। ১ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আগের নির্বাচনেও দলের মনোনয়ন চেয়ে পাননি আবদুল মতিন ভূঞা। পরে তিনি প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান এবং আসাদুজ্জামানের কাছে পরাজিত হন।