এক প্ল্যাটফর্মেই অর্ধশত দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে প্রায় অর্ধশত দোকান রয়েছে। এতে প্ল্যাটফর্মে চলাচল করতে গিয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হয়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে প্রায় অর্ধশত দোকান রয়েছে। এতে প্ল্যাটফর্মে চলাচল করতে গিয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হয়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের (জংশন) একটি প্ল্যাটফর্মে প্রায় অর্ধশত দোকান থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু ক্রমাগত স্থায়ী দোকান ও হকার সংখ্যা বাড়লেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিকারের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরশহরের ভৈরবপুর মহল্লার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, এটাকে প্ল্যাটফর্ম বলা যাবে না, বলতে হবে বাজার।
ভৈরব রেলস্টেশন সূত্রে জানা গেছে, এটি প্রথম শ্রেণির জংশন স্টেশন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব রেলপথসহ পূর্বাঞ্চলীয় জোনের সব ট্রেন ভৈরব স্টেশন হয়ে আসা-যাওয়া করে। এই স্টেশনে ২২টি আন্তনগর, ১৮টি মেইল ও চারটি লোকাল ট্রেনসহ প্রতিদিন ৪৪টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। প্ল্যাটফর্ম দুটি। এক নম্বর প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ১৫০০ ফুট ও প্রস্থ ২৯ ফুট। দুই নম্বর প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ১৪০০ ফুট ও প্রস্থ ২৯ ফুট। গত মাসে এই স্টেশন থেকে টিকিট কেটে ৫১ হাজার ১৫৫ জন যাত্রী বিভিন্ন গন্তব্যে গেছেন। গত ছয় মাসে এই স্টেশন থেকে ৩ লাখ ৫১ হাজার ৪৬৭ জন যাত্রী বিভিন্ন গন্তব্যে গেছেন।
স্টেশন সূত্র আরও জানায়, শুধু একটি প্ল্যাটফর্মেই অর্ধশত দোকান আছে। কিন্তু দুটি প্ল্যাটফর্মে ৩০টি পসরা বসানোর অনুমোদন আছে। রেলওয়েতে কর্মরত ব্যক্তি, রেলওয়ে হকার্স শ্রমিক লীগের নেতা-কর্মী ও পুলিশ এসব দোকান থেকে বাড়তি সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রেলওয়ে হকার্স শ্রমিক লীগ ভৈরব শাখার সভাপতি মতি মিয়া বলেন, গরিব মানুষ কাজ করে চলে। এ কারণে একটু কষ্ট হলেও মেনে নেওয়া উচিত।
গত বুধবার (২২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শুধু ২ নম্বর প্ল্যাটফর্মে ২২টি দোকান। ফলের দোকান আছে ২১টি। ১ নম্বর প্ল্যাটফর্মে দোকান ছয়টি, যার মধ্যে তিনটি রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকান। প্ল্যাটফর্মের মধ্যে রেস্তোরাঁ খুলে বসেছেন ভৈরব স্টেশনের সাবেক ইয়ার্ড ফোরম্যান জহিরুল ইসলাম। তিনি তাঁর ছেলের নামে ১৫০ বর্গফুট জায়গার মধ্যে নাশতার ঘর করার অনুমতি এনেছেন। এ কারণে দুই পাশে চলাচলের জায়গা সরু হয়ে গেছে।
মিষ্টির দোকানটির জায়গার বরাদ্দ এনেছেন রেলওয়ের ভূমি বিভাগের সাবেক আমিন মাখন। তাঁর কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন মিন্টু মিয়া নামে এক ব্যক্তি। মিন্টু মিয়া স্বীকার করেন, বেশি দোকান হওয়ায় যাত্রীদের চলাফেরায় কিছুটা কষ্ট হচ্ছে।
শাহজাহান মিয়া নামের এক ব্যক্তি অনুমোদন না নিয়েই ২ নম্বর প্ল্যাটফর্মে চা-সিগারেটের দোকান দিয়েছেন। তাঁর দাবি, জনগণের চাহিদা মেটাতে তিনি এই দোকান দিয়েছেন।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, ওই রেলস্টেশনে দোকান ও হকার সংখ্যা বেড়ে চললেও এগুলো বন্ধে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তবে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান অবশ্য দায় চাপালেন স্টেশনমাস্টারের ওপর। তিনি বলেন, ‘স্টেশন মাস্টার চাইলে আমি দোকানপাট তুলে দেব।’ আর এ ব্যাপারে কোনো মন্তব্যই করতে রাজি হননি স্টেশনমাস্টার খলিলুর রহমান।
প্ল্যাটফর্মে ৩২টি দোকান বরাদ্দ দেওয়া যুক্তিযুক্ত কিনা-জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা জোনের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সফিকুর রহমান গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে এই পদে যোগ দিয়েছে তিন সপ্তাহও হয়নি। এ কারণে নথিপত্র না দেখে মন্তব্য করা কঠিন।’