এক বছর ধরে অনুপস্থিত ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ
হবিগঞ্জে অঞ্জনা রানী হত্যা মামলার প্রধান আসামি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এক বছর ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অথচ স্বাস্থ্য বিভাগ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক প্রধান সহকারী সজল কান্তি দেবের সরকারি বাসা থেকে গত বছরের ১৬ আগস্ট পুলিশ অঞ্জনার লাশ উদ্ধার করে। সে ওই বাসার গৃহপরিচারিকা ছিল। সজল কান্তি দেব এটি আত্মহত্যা দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১৯ আগস্ট অঞ্জনার বাবা রাজেন্দ্র সরকার বাদী হয়ে নবীগঞ্জ থানায় সজল কান্তিসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাঁর বিরুদ্ধে পুলিশ গত ২৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তিনি এখন জামিনে আছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফৌজদারি অভিযোগে সরকারি কোনো কর্মচারী গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর জামিনে মুক্তি পেলেও সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচিত হবেন। তবে এ ক্ষেত্রে জটিলতা এড়ানোর জন্য কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করবে। মামলা চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে কর্মরত রাখা যাবে না। সেই সঙ্গে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী, কোনো কর্মচারী বিনা অনুমতিতে ৬০ দিনের ওপরে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাঁকে অপসারণ, বাধ্যতামূলক অবসর, দণ্ড বা গুরুদণ্ড উভয় দেওয়া যেতে পারে।
সজল কান্তি দেব হত্যা মামলার আসামি হওয়ার পর সিভিল সার্জন গত বছরের ১৮ আগস্ট তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। বদলির প্রায় চার মাস পর ৬ ডিসেম্বর সজল সেখানে যোগদান করেন। তবে তিন দিনের ছুটির আবেদন করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ বিষয়ে কথা বলার জন্য সজল কান্তি দেবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ে তিনি তিনবার চিঠি দিয়েছেন। সিভিল সার্জন মো. নাসির উদ্দিন ভূঞা বলেন, বিধি অনুযায়ী হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সজল কান্তি দেব সাময়িক বরখাস্ত হওয়ার কথা। তাঁরা এ মামলা-সংক্রান্ত কাগজপত্র চেয়ে নবীগঞ্জ থানায় চিঠি দিয়েছিলেন। সেখান থেকে কোনো উত্তর না আসায় তাঁকে সাময়িক বরখাস্ত করা যাচ্ছে না।