এক বছর ধরে ঝুঁকিপূর্ণ, নোটিশ ঝুলিয়ে দায়মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী–ডোমার প্রধান সড়কে সদর উপজেলার কচুয়া গ্রামে বুড়িখোড়া নদীর ওপর অবস্থিত পারঘাট সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় এটির ওপর দিয়েই চলছে যানবাহন। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো
নীলফামারী–ডোমার প্রধান সড়কে সদর উপজেলার কচুয়া গ্রামে বুড়িখোড়া নদীর ওপর অবস্থিত পারঘাট সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় এটির ওপর দিয়েই চলছে যানবাহন। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো

নীলফামারী সদর উপজেলার কচুয়া গ্রামে নীলফামারী-ডোমার সড়কে বুড়িখোড়া নদীর ওপর পারঘাট সেতুটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে এর ওপর দিয়েই চলাচল করছেন যাত্রীরা।
এলাকার লোকজনের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর দুই প্রান্তে শুধু ‘সতর্কীকরণ’ সাইনবোর্ড টাঙিয়ে দিয়েই দায় সেরেছে। এখন পর্যন্ত এটি সংস্কার করা হচ্ছে না।
নীলফামারী সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘সেতুটি ২৬ মিটার দীর্ঘ। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রায় এক বছর আগে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে দুই প্রান্তে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। গতিরোধক দিয়েছি। ভাঙা রেলিংয়ের স্থানে বাঁশ দিয়েছি, যাতে চালকেরা সেতুর অবস্থান বুঝতে পারেন। নিয়মিত ছোটখাটো সংস্কারকাজও করছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব প্রান্তের রেলিং ভেঙে পড়েছে। এটির মধ্যস্থলে পাটাতন ভেঙে গেছে। সেখানে লোহার পাত দেওয়া হয়েছে। সেতুর মাঝখানের মূল খুঁটির গোড়ায় গাঁথুনির ইট খুলে পড়েছে। সেতুর দুই প্রান্তে সড়কে দুটি করে চারটি গতিরোধক এবং চারটি লোহার খুঁটি বসানো হয়েছে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে দুই প্রান্তে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো হয়েছে।
কথা হয় কচুয়া গ্রামের মো. আখতারুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, সেতুটি প্রায় এক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এখানে গত ছয় মাসে অনেক ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে। প্রায় চার মাস আগে ঢাকা থেকে ডোমারগামী একটি নাইট কোচ সেতুর নিচে পড়ে অনেক যাত্রী আহত হয়েছিলেন। কিন্তু সেতুটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেই। যেকোনো সময় সেতুটি বিধ্বস্ত হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সৈয়দপুর থেকে ট্রাকে মালামাল নিয়ে ওই পথে ডোমারের চিলাহাটি যাচ্ছিলেন ট্রাকচালক রবিউল ইসলাম। তিনি বলেন, ‘এই সেতুতে উঠলে ভয়ে বুক ধড়ফড় করে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে গেলে নদীতে পড়তে হবে। কিন্তু বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।’
বাসচালক আজগর আলী বলেন, ‘এই পথে নীলফামারী হয়ে ডোমার, ডিমলা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, ঠাকুরগাঁও, বোদাসহ দেশের বিভিন্ন প্রান্তের সহস্রাধিক যানবাহন প্রতিদিন আসা-যাওয়া করে। ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপারে ভয়ের মধ্যে থাকি।’
সওজ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, সেতুটি মেরামতের উপযোগী না হওয়ায় নতুন করে নির্মাণ করতে হবে। নির্মাণে প্রয়োজন হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। প্রায় পাঁচ মাস আগে মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো অনুমোদন পাওয়া যায়নি। পেলে জরুরি ভিত্তিতে সেতুটি করা হবে।