এক বছর ধরে নষ্ট অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে পড়ে আছে এক বছর ধরে। এ কারণে উপজেলার মুমূর্ষু রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনতে হয় বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মতো ভাড়া গাড়িতে করে।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে স্বাস্থ্যকেন্দ্রের সচল একমাত্র অ্যাম্বুলেন্সটিও যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়ে।
সরেজমিনে গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালের সামনে দুটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকায় বর্তমানে নষ্ট হতে হতে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে নষ্ট হওয়া একমাত্র অ্যাম্বুলেন্সটিও একটি কক্ষে পড়ে আছে।
হাসপাতাল এলাকার বাসিন্দা মো. নাছের উদ্দিন বলেন, ‘পাবলিকের গাড়ি নষ্ট হলে সেটি মেরামত করে সচল হতে দেখেছি। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো নষ্ট হলে মেরামত না করে এক স্থানে পড়ে থাকতে থাকতে মাটির সঙ্গে মিশে যেতে দেখছি।’
উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকার বাসিন্দা আবদুল মন্নান বলেন, হাতে আঘাত পাওয়া ছোট ভাইকে নিয়ে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। কিন্তু অ্যাম্বুলেন্সের কথা জানতে চাইলে তিনি অ্যাম্বুলেন্স নষ্ট বলে জানান। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে এবং সময় নষ্ট করে বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ে ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. হাসান মুরাদ প্রথম আলোকে জানান, গত বছরের ডিসেম্বর মাসে হাসপাতালের একমাত্র সচল অ্যাম্বুলেন্সটিও নষ্ট হয়। সরকারি নীতিমালার কারণে সেটি মেরামত করা যাচ্ছে না। তা ছাড়া যথাযথ তদবিরের অভাবে আরেকটি নতুন অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছে না। এখন মুমূর্ষু রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বখতিয়ার আলম বলেন, ‘নষ্ট অ্যাম্বুলেন্স মেরামত ও নতুন অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তা ছাড়া স্থানীয় সাংসদ ব্যক্তিগত তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দেবেন বলে জানিয়েছেন। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে হাসপাতালে অ্যাম্বুলেন্স চলে আসবে।’